জুলাই ২৫, ২০২৬, ১০:৩৮ এএম
তেলের দাম কমা, আগামী সপ্তাহের সুদের হার নিয়ে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের ফলে আন্তর্জাতিক বাজারে সামান্য বৃদ্ধি পেয়েছে স্বর্ণের দাম।প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে চার হাজার বায়ান্ন দশমিক সাত আট ডলারে।শনিবার আন্তর্জাতিক বাজার সূত্রে জানা গেছে, স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক এক শতাংশ বেড়েছে।
এছাড়া আগস্ট ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম শূন্য দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়ে চার হাজার সত্তর দশমিক ৮০ ডলারে স্থির হয়েছে। মূল্যবান ধাতু ব্যবসায়ী তাই ওং বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির অবনতি ঘটলে দাম আরও কমে যাওয়ার ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না। তবে স্বর্ণের বাজার ঘুরে দাঁড়ানোর জন্য প্রস্তুত বলে মনে করা হচ্ছে, যেখানে আগামী সপ্তাহে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার অপরিবর্তিত রাখার সম্ভাবনা সহায়ক ভূমিকা রাখতে পারে।
গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রায় তেইশ শতাংশ হ্রাস পেয়েছিল। যুদ্ধের কারণে সৃষ্ট মুদ্রাস্ফীতি দীর্ঘ সময় ধরে সুদের হার উচ্চ পর্যায়ে ধরে রাখতে পারে—এমন আশঙ্কায় মূলত দরপতন ঘটেছিল। মুদ্রাস্ফীতির বিরুদ্ধে স্বর্ণকে ঐতিহ্যগতভাবে সুরক্ষাকবচ হিসেবে গণ্য করা হলেও, সুদের হার বেশি থাকলে সুদবিহীন এই সম্পদটি সাধারণত চাপের মুখে পড়ে।
এদিকে অন্যান্য ধাতুর মধ্যে রুপার দাম শূন্য দশমিক আট শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৮ দশমিক ১১ ডলারে দাঁড়িয়েছে। তবে প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক আট শতাংশ কমে এক হাজার ৫৮৭ দশমিক ১৭ ডলার এবং প্যালাডিয়ামের দাম এক দশমিক চার শতাংশ কমে এক হাজার ২৩৯ দশমিক ২০ ডলারে নেমে এসেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন