সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ফের কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১০, ২০২৫, ০১:০১ পিএম

ফের কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা

কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেওয়ার পর গতকাল রোববার মধ্যরাতে সিদ্ধান্ত বদল করেছেন আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ সোমবার (১০ নভেম্বর) দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি চলবে।পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে।

পাশাপাশি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন শিক্ষকরা।বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি বিষয়টি নিশ্চিত করে বলেন, "দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।"

এর আগে রোববার রাতে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর নেতারা কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু শহীদ মিনারে ফিরে সহকারী শিক্ষকরা এই সিদ্ধান্ত মেনে না নেওয়ায় তা পরিবর্তন করা হয়।পরিষদের এক নেতা বলেন:শিক্ষকসমাজ কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছিলেন। সেজন্য আমরাও সেটা পরিবর্তন করেছি।"

কর্মবিরতি প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা বলেন, "তারা প্রতিশ্রুতি দিয়ে গেছেন কর্মবিরতি স্থগিত রাখবেন। এখন যদি কথা দিয়ে কথা না রাখেন, তাহলে সেটা দুঃখজনক।" তিনি আশা করেন, শিক্ষকরা আলোচনা চালিয়ে যাবেন।

দাবি ও বৈঠক: দশম গ্রেডে বেতন-ভাতাসহ তিন দফা দাবিতে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রতিনিধিদল আজ সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা শিক্ষকদের জানাবেন যে, তাদের দশম গ্রেডের দাবি কতটা বাস্তবসম্মত এবং সরকারের পক্ষে তা বাস্তবায়ন সম্ভব কি না।