ডিসেম্বর ৩, ২০২৫, ০৯:৩৯ এএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে উসকানি দেওয়ার গুরুতর অভিযোগে 'প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ'-এর আহ্বায়ক খায়রুন নাহার লিপিসহ তিন শিক্ষক নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল হাসান স্বাক্ষরিত এই নোটিশটি পাঠানো হয়। খায়রুন নাহার লিপি গণমাধ্যমকে নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
নোটিশে বলা হয়েছে, দাবিসমূহ নিয়ে সরকারের সঙ্গে বৈঠক ও আশ্বাস পাওয়ার পরও নেতারা সামাজিক মাধ্যমে উসকানিমূলক ভিডিও প্রকাশ করতে থাকেন।
নোটিশে আরও উল্লেখ করা হয়, শিক্ষিকা লিপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দকে ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া তৃতীয় প্রান্তিক পরীক্ষা গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানান। এই আহ্বানের পর দেশের বিভিন্ন অঞ্চলে কিছু সংখ্যক শিক্ষক কর্মবিরতিও পালন করেন, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং শিক্ষা কার্যক্রমকে ব্যাহত করেছে। এই আচরণকে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, ২০১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বর্ণিত অবস্থায় কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেই বিষয়ে আগামী তিন কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। খায়রুন নাহার লিপি বর্তমানে রাজধানীর মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং তিনি পূর্বে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষকের পদকও পেয়েছিলেন।খায়রুন নাহার লিপি ছাড়াও এই নোটিশ পেয়েছেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. শামছুদ্দীন মাসুদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল কাশেম এবং প্রাথমিক শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক মো. মাহবুবার রহমান।
শোকজ নোটিশের প্রতিবাদে শিক্ষক নেতা মো. শামছুদ্দীন মাসুদ জানান, তারা প্রাথমিক শিক্ষক নেতাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার প্রতিবাদ জানাতে এবং তাদের তিন দফা দাবির সমর্থনে বুধবার থেকেই নতুন কর্মসূচি পালন করবেন। একই সঙ্গে শিক্ষকরা উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিইও) অফিসের সামনে অবস্থান নেবেন বলে তিনি জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন