ডিসেম্বর ৩, ২০২৫, ১২:২৩ পিএম
সারাদেশে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ বুধবার (৩ ডিসেম্বর) থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষকরা। গতকাল (মঙ্গলবার) রাতে দেওয়া বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা করে আন্দোলনরত শিক্ষকদের সংগঠন ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’।
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের যৌথ আহ্বানে এ কর্মসূচি ঘোষিত হয়।
শিক্ষক নেতারা জানিয়েছেন, অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে ২২ দিন অতিবাহিত হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় শাটডাউন ছাড়া আর কোনো বিকল্প ছিল না।
ঘোষণা অনুযায়ী, আজ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্পূর্ণ বন্ধ থাকবে এবং শিক্ষকরা নিজ নিজ বাসায় অবস্থান করবেন। তবে শিক্ষার্থী ও অভিভাবকদের অবহিত করতে প্রথম দিন একজন করে শিক্ষক বিদ্যালয়ে গিয়ে বন্ধের বিষয়টি জানিয়ে আসবেন।প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের তিন দফা দাবিগুলো হলো:
১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে নির্ধারণ। ২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান। ৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি।শিক্ষক নেতারা বলছেন, সহকারী শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়া হলে এক ঘণ্টার মধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলে দিতে তারা প্রস্তুত। তবে দাবি আদায় ছাড়া কোনোভাবেই আন্দোলন বন্ধ করা হবে না।গতকাল বিকেলে সারাদেশের প্রতিটি জেলায় জেলা প্রশাসকের কাছে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন