ডিসেম্বর ৩১, ২০২৫, ১১:৩১ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিনোদপুর এলাকার একটি মেস থেকে লামিসা নওরীন পুষ্পিতা (২১) নামের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে লেবুবাগান এলাকার ওই মেস থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
লামিসা নওরীন পুষ্পিতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি জুলাই-৩৬ হলের অনাবাসিক শিক্ষার্থী হিসেবে সংযুক্ত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ঝিনাইদহে, বাবার নাম কুদরত উল্লাহ বিপ্লব।
সহপাঠীরা জানান, বুধবার সন্ধ্যার দিকে মেসের নিজ কক্ষে পুষ্পিতাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান তাঁরা।
দ্রুত তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও এর পেছনের কারণ এখনো জানা যায়নি। বর্তমানে লাশটি রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কামাল আজাদ বলেন, “মেয়ের বাবাকে খবর দেওয়া হয়েছে এবং তিনি রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। পরিবারের সদস্যরা আসার পর তাঁদের সঙ্গে কথা বলে এবং আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, “মেসের অন্য ছাত্রীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিল, কিন্তু চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা নিহতের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন