জানুয়ারি ১, ২০২৬, ০৪:০৭ পিএম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুজাহিদ ফয়সাল ও সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন হাফেজ মেহেদী হাসান।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর আড়াইটায় ছাত্রশিবিরের অফিশিয়াল ফেসবুক পেজের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের নিয়ে একটি সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। ২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচনের লক্ষ্যে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হয়।
ভোট গণনা শেষে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত মুজাহিদ ফয়সালকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। পরবর্তীতে সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি শাখা সেক্রেটারি হিসেবে হাফেজ মেহেদী হাসানকে মনোনীত করেন।সভাপতি মুজাহিদ ফয়সাল: তিনি এর আগের কমিটিতে সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী এবং বর্তমানে এমফিলে অধ্যয়নরত আছেন।
সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান: তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে নতুন নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে।সদস্য সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ইব্রাহিম হোসেন এবং সদ্য বিদায়ী সভাপতি মোস্তাকুর রহমান জাহিদসহ শাখার অন্যান্য সদস্যরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন