জানুয়ারি ১৪, ২০২৬, ০১:১৭ পিএম
প্রস্তাবিত `ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি` গঠনের চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে সড়ক অবরোধ করেছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব, টেকনিক্যাল মোড় এবং তাঁতীবাজার মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
এর ফলে রাজধানীর মিরপুর রোড, গাবতলী ও পুরান ঢাকা অভিমুখী প্রধান সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। হঠাৎ শুরু হওয়া এই অবরোধের কারণে সাধারণ যাত্রী ও চালকরা তীব্র ভোগান্তিতে পড়েছেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, `ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৫`-এর খসড়া অনেক আগেই শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
অংশীজনদের মতামতের ভিত্তিতে সেটি হালনাগাদও করা হয়েছে। শিক্ষার্থীরা দাবি করছেন, গত ডিসেম্বরের মধ্যে সব প্রক্রিয়া শেষ করে জানুয়ারির শুরুতে অধ্যাদেশ জারির আশ্বাস দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু সেই প্রতিশ্রুতির দৃশ্যমান বাস্তবায়ন না হওয়ায় তারা আবারও রাজপথে নামতে বাধ্য হয়েছেন।অবরোধ কর্মসূচি চলাকালে সায়েন্স ল্যাব মোড়ে উপস্থিত শিক্ষার্থীরা জানান, আগামীকাল বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তাদের এক দফা দাবি হলো—এই সভাতেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিতে হবে এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে তা অবিলম্বে জারি করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। টেকনিক্যাল মোড়ে আন্দোলনরত মিরপুর বাঙলা কলেজের শিক্ষার্থীরাও একই দাবিতে গাবতলী অভিমুখী সড়কটি আটকে রেখেছেন।এদিকে অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই মোড়গুলোতে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

যানজট নিরসনে পুলিশ সদস্যদের তৎপরতা দেখা গেলেও শিক্ষার্থীরা তাদের অবস্থানে অনড় রয়েছেন। পুলিশের রমনা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। তবে শিক্ষার্থীরা সাফ জানিয়েছেন, অধ্যাদেশ জারির সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করা পর্যন্ত এই যৌক্তিক আন্দোলন আরও কঠোর হবে। সাত কলেজের এই আন্দোলনে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও তিতুমীর কলেজসহ সাতটি প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন