রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শাকসু নির্বাচন: অঙ্গীকারনামা প্রত্যাখ্যান, স্মারকলিপির সিদ্ধান্ত

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৪, ২০২৬, ০২:২১ পিএম

শাকসু নির্বাচন: অঙ্গীকারনামা প্রত্যাখ্যান, স্মারকলিপির সিদ্ধান্ত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এই নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া বিশেষ শর্ত সম্বলিত অঙ্গীকারনামা প্রত্যাখ্যান করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। মঙ্গলবার রাতে সব প্যানেলের ভিপি প্রার্থীরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে তারা কোনো ধরনের অঙ্গীকারনামায় স্বাক্ষর করবেন না।

 এর পরিবর্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি স্মারকলিপি প্রদান করবেন তারা।নির্বাচন কমিশনের প্রস্তাবিত অঙ্গীকারনামায় প্রধানত তিনটি শর্ত ছিল। প্রথমত শাকসু নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনের কোনো সম্পৃক্ততা থাকবে না।

 দ্বিতীয়ত এটি জাতীয় নির্বাচনে কোনো বিরূপ প্রভাব ফেলবে না এবং তৃতীয়ত নির্বাচনকালীন বা পরবর্তীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটবে না। এই শর্তগুলোতে প্রার্থীদের নাম ও মোবাইল নম্বরসহ স্বাক্ষর করার কথা বলা হয়েছিল।

 তবে ছাত্রশিবির ও ছাত্রদল সমর্থিত প্যানেলসহ সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিরা এই শর্তগুলোকে অযৌক্তিক ও দায় চাপানোর কৌশল হিসেবে অভিহিত করেছেন।ছাত্রশিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী দেলোয়ার হাসান শিশির জানান যে তারা প্যানেলের নির্দিষ্ট বিষয়ের দায় নিতে পারেন কিন্তু পুরো নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতির দায় নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। একইভাবে ছাত্রদল সমর্থিত ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকিম বিল্লাহ প্রশ্ন তোলেন যে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইসির দায়িত্ব হলেও কেন শিক্ষার্থীদের ওপর এই দায় চাপানো হচ্ছে। এই অনড় অবস্থানের কারণে ক্যাম্পাসে উত্তজনা সৃষ্টি হলে উপ-উপাচার্য প্রার্থীদের নিয়ে জরুরি বৈঠকে বসেন।

প্রশাসনিক ভবনের সভাকক্ষে দীর্ঘ আলোচনার পর একটি মধ্যস্থতা তৈরি হয়েছে। শিক্ষার্থীরা অঙ্গীকারনামার পরিবর্তে একটি স্মারকলিপি দিতে রাজি হয়েছেন যেখানে তারা একটি উৎসবমুখর ও সুশৃঙ্খল নির্বাচন আয়োজনে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনও এই প্রস্তাবটি বিবেচনার আশ্বাস দিয়েছে। উল্লেখ্য যে শাকসু নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে শাবিপ্রবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের আন্দোলন চলছিল। এখন স্মারকলিপি প্রদানের মাধ্যমে ২০ জানুয়ারির নির্বাচন অনুষ্ঠানের পথ আরও সুগম হবে বলে আশা করা হচ্ছে।