জানুয়ারি ১৪, ২০২৬, ০৩:৫৩ পিএম
প্রস্তাবিত `ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি`র চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে রাজপথে নেমেছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার (১৪ জানুয়ারি) সকালে কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা প্রথমে তাঁতীবাজার মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। পরে দুপুর আড়াইটার দিকে তারা সেখান থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ের অভিমুখে পদযাত্রা শুরু করেন।
দীর্ঘ সময় তাঁতীবাজার মোড় অবরোধ করে রাখায় পুরান ঢাকা ও এর আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা বারবার শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে অধ্যাদেশ জারির অনুরোধ করলেও এখন পর্যন্ত কোনো আশানুরূপ ফল পাননি।
সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী ইয়ামিন জানান, তাঁতীবাজারের অবরোধ তুলে নিয়ে তারা এখন সায়েন্সল্যাবের দিকে যাচ্ছেন এবং সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
শিক্ষার্থীদের মূল দাবি হলো— `ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৫` এর খসড়া দ্রুত ক্যাবিনেটে উপস্থাপন করে রাষ্ট্রপতির মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করা।আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিযোগ, কর্তৃপক্ষের ধীরগতির কারণে তাদের শিক্ষাজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী সাদমান সাজিদ ওয়াসি বলেন, "দীর্ঘদিন ধরে আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানিয়ে আসছি, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই বাধ্য হয়ে আজ আমরা ব্লকেড কর্মসূচি পালন করছি।" যতক্ষণ পর্যন্ত অধ্যাদেশ জারি না হবে, ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
এদিকে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অভিমুখে যাত্রার খবরে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিউ মার্কেট ও সায়েন্সল্যাব এলাকায় আগে থেকেই অবস্থান নেওয়া অন্যান্য কলেজের শিক্ষার্থীদের সঙ্গে এই বিশাল মিছিল যুক্ত হলে রাজধানীর মিরপুর রোডসহ প্রধান সড়কগুলো স্থবির হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় রয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন