বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

এবার ‘অধ্যাদেশ মঞ্চ’ ও গণজমায়েতের ঘোষণা শিক্ষার্থীদের

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৭, ২০২৬, ১০:৪০ এএম

এবার ‘অধ্যাদেশ মঞ্চ’ ও গণজমায়েতের ঘোষণা শিক্ষার্থীদের

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে রাজপথে আবারো কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা। আগামী সোমবার ১৯ জানুয়ারি রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট সায়েন্স ল্যাব মোড়ে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন ও বিশাল গণজমায়েতের ডাক দিয়েছে তারা। 

আজ শনিবার ১৭ জানুয়ারি ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের প্রতিনিধি মো. নাঈম হাওলাদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নতুন কর্মসূচির কথা জানানো হয়। 

শিক্ষার্থীরা বলছেন যতক্ষণ না রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি হচ্ছে ততক্ষণ তারা রাজপথ ছাড়বেন না।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে সোমবার সকাল ১১টা থেকে সায়েন্সল্যাব মোড়ে এই গণজমায়েত শুরু হবে। সেখান থেকেই আন্দোলনের পরবর্তী রূপরেখা এবং কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে। 

মূলত সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫ এর খসড়া গত বছরের সেপ্টেম্বর মাসে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল। এরপর বিভিন্ন পক্ষের সাথে আলোচনার মাধ্যমে খসড়াটি হালনাগাদ করা হয় এবং গত ডিসেম্বরের মধ্যে সব প্রক্রিয়া শেষ করে চলতি জানুয়ারি মাসের শুরুতে অধ্যাদেশ জারির আশ্বাস দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। তবে জানুয়ারি মাসের মাঝামাঝি পেরিয়ে গেলেও রাষ্ট্রপতির পক্ষ থেকে সেই কাঙ্ক্ষিত অধ্যাদেশ জারি না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এর আগে গত ১৪ ও ১৫ জানুয়ারি শিক্ষার্থীরা একই দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছিল। আন্দোলনের মুখে সরকার বার বার আশ্বাস দিলেও বাস্তবে কোনো অগ্রগতি না দেখে এবার তারা রাজপথে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষা ভবন অভিমুখে গত ডিসেম্বরের লাগাতার অবস্থান কর্মসূচির সময়ও মন্ত্রণালয় থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আন্দোলনকারী শিক্ষার্থীরা মনে করছেন আমলাতান্ত্রিক জটিলতার কারণে অধ্যাদেশ জারিতে দেরি হচ্ছে যা তাদের উচ্চশিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে অনিশ্চয়তা তৈরি করছে। সোমবারের এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে বড় ধরনের যানজট ও জনদুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে।