রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

৭ কলেজের অনার্স পরীক্ষার সময়সূচি পরিবর্তন

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৭:০৮ পিএম

৭ কলেজের অনার্স পরীক্ষার সময়সূচি পরিবর্তন

৭ কলেজের পরীক্ষার সময়সূচিতে বড় পরিবর্তন

রাজধানীর সরকারি সাত কলেজের ২০২৪ সালের অনার্স ৩য় বর্ষের পরীক্ষার সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মূলত শিক্ষার্থীদের দাবি এবং কলেজের অন্তর্বর্তী প্রশাসকের সুপারিশের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্বঘোষিত ১৫ ফেব্রুয়ারির অনার্স ৩য় বর্ষের পরীক্ষাটি পিছিয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ১০টা ৩০ মিনিটে নির্ধারণ করা হয়েছে। নির্বাচনের ছুটি কাটিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীদের ঢাকায় ফিরে পরীক্ষায় অংশ নিতে সমস্যা হওয়ার কারণে এই তারিখ পরিবর্তনের দাবি জানিয়ে আসছিল শিক্ষার্থীরা।

এ ছাড়া, পবিত্র রমজান মাস উপলক্ষে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে সাত কলেজের চলমান সকল পরীক্ষার সময়ও পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪ সনের অনার্স ৩য় বর্ষ এবং মাস্টার্স শেষ পর্বের পরীক্ষাগুলো দুপুর ১২টা ৩০ মিনিটের পরিবর্তে সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর এই সাতটি কলেজ হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রস্তুতি গ্রহণের জন্য কলেজ প্রশাসন থেকে অনুরোধ জানানো হয়েছে।