রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বেরোবিতে শিবিরের নতুন কমিটি ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১০:০২ এএম

বেরোবিতে শিবিরের নতুন কমিটি ঘোষণা

বেরোবি ক্যাম্পাস

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২৬ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। নবঘোষিত এই কমিটিতে ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সুমন সরকারকে সভাপতি এবং একই সেশনের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুর রাকিব মুরাদকে সাধারণ সম্পাদক (সেক্রেটারি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 

রোববার রাত ১০টায় ছাত্রশিবিরের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।দলীয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের সদস্যদের নিয়ে আয়োজিত এক সমাবেশের মাধ্যমে এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। 

ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মুতাসিম বিল্লাহ শাহেদীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। সমাবেশ চলাকালীন শাখা সভাপতি নির্বাচনের লক্ষ্যে কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

ভোট গণনা শেষে সর্বাধিক ভোট পেয়ে সুমন সরকার সভাপতি নির্বাচিত হন। নবনির্বাচিত সভাপতিকে শপথ পাঠ করান কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। পরবর্তীতে সদস্যদের পরামর্শের ভিত্তিতে আব্দুর রাকিব মুরাদকে সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।বেরোবি শাখা ছাত্রশিবিরের একাধিক সদস্য নতুন এই কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তবে এই কমিটি ঘোষণা নিয়ে ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ২৮ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভায় ছাত্র, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে কাগজে-কলমে রাজনীতি বন্ধের সিদ্ধান্ত থাকলেও বিভিন্ন ছাত্র সংগঠনের কমিটি গঠন ও কর্মকাণ্ড অব্যাহত থাকায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নানা প্রশ্ন উঠছে।