সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ইসলামী বিশ্ববিদ্যালয়ে অ্যাথলেটিকস প্রতিযোগিতায় হাবিপ্রবির জয়

মোঃ রাহাত হোসেন

মে ১০, ২০২৬, ০৬:৫৮ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে অ্যাথলেটিকস প্রতিযোগিতায় হাবিপ্রবির জয়

ছবি-দিনাজপুর টিভি

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ায় অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬–এ সাফল্য দেখিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থী আসিফ। তিনি ১৫০০, ৫০০০ ও ১০ হাজার মিটার দৌড়ে পদক জিতে বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরব বয়ে আনেন।

গত ৪ থেকে ৬ মে অনুষ্ঠিত এই অ্যাথলেটিকস প্রতিযোগিতায় অংশ নেন হাবিপ্রবির কৃষি অনুষদের ২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন আসিফ। তিনি ১৫০০ মিটার ও ৫০০০ মিটার দৌড়ে তৃতীয় এবং ১০ হাজার মিটার দৌড়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। 

তিন দিনের এই আয়োজনে ধারাবাহিকভাবে তিনটি ইভেন্টে পদক পাওয়ার বিষয়টি অংশগ্রহণকারীদের মধ্যে নজর কেড়েছে।এবারের প্রতিযোগিতায় দেশের মোট ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। 

দলগত পারফরম্যান্সের ভিত্তিতে হাবিপ্রবি পঞ্চম স্থান অর্জন করে। দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা শাখার পরিচালক মো. মাহবুব উল হাসান। তিনি জানান, আসিফের এই সাফল্য সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস প্রোফাইলে ইতিবাচক প্রভাব ফেলবে।প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে শুরু থেকেই কৌশলী দৌড় ও গতি নিয়ন্ত্রণের মাধ্যমে নজর কাড়েন আসিফ। বিশেষ করে দীর্ঘ পাল্লার দৌড়ে তার স্ট্যামিনা ও শেষ মুহূর্তের ফিনিশিং দর্শক ও বিচারকদের প্রশংসা অর্জন করে।

সাফল্য সম্পর্কে আসিফ জানান, গত দুই বছরের অপূর্ণতা তাকে ভেতরে থেকে তাড়িত করেছে। নিয়মিত অনুশীলন, সিনিয়রদের পরামর্শ এবং বন্ধুদের অনুপ্রেরণাই তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। এই অর্জন শুধু তার ব্যক্তিগত নয় বরং তার বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, প্রতিদিন নিয়মিত অনুশীলনের পাশাপাশি নির্দিষ্ট খাদ্যাভ্যাস ও ফিটনেস ট্রেনিং কঠোরভাবে অনুসরণ করেছেন। প্রতিযোগিতার আগে গতি ও স্ট্যামিনা দুই দিকেই সমান গুরুত্ব দিয়েছিলেন তিনি। হাবিপ্রবি ক্যাম্পাসে আসিফের এই সাফল্য নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। সহপাঠীদের মতে, আসিফের এই অর্জন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের খেলাধুলায় আরও বেশি আগ্রহী করে তুলবে।