জুলাই ২২, ২০২৫, ১২:৩১ পিএম
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ, মঙ্গলবার (২২ জুলাই, ২০২৫), রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই শোক দিবসের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজকের (২২ জুলাই) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় শোক দিবস ঘোষণা করেছে। এ কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য মঙ্গলবারের সব পরীক্ষা স্থগিত করা হলো।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে। তবে, বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, পূর্বঘোষিত অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন