জুন ৬, ২০২৬, ১০:১৭ এএম
রংপুরের পৃথক দুইটি স্থানে পানিতে ডুবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার এবং বৃহস্পতিবার এই মর্মান্তিক ঘটনাগুলো ঘটে। নিহতের মধ্যে দুজন শিশু ও একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।নিহতরা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী শিহাব শাহরিয়ার, পীরগাছা উপজেলার রাজীব মিয়া ও সেনাতুল আক্তার।
শিক্ষার্থী শিহাব শাহরিয়ারের বাড়ি নগরীর দর্শনা সূত্রাপুর এলাকায়। বৃহস্পতিবার দুপুরে নগরীর পানবাড়ী এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।অপরদিকে পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নে পানিতে ডুবে মারা গেছে দুই শিশু।
তারা সম্পর্কে চাচাতো-জ্যাঠাতো ভাইবোন। রাজীব মিয়ার বয়স ৬ বছর এবং সেনাতুল আক্তারের বয়স ৪ বছর। শুক্রবার দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।স্থানীয়রা জানান, খেলতে গিয়ে অসাবধানতাবশত তারা পুকুরের পানিতে পড়ে যায়।
অনেকক্ষণ খুঁজে না পাওয়ায় খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের মরদেহ ভেসে ওঠে। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরপর দুটি পৃথক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ স্থানীয়দের নদী ও পুকুর এলাকায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন