বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১২, ২০২৬, ১২:০৮ এএম

এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (১১ জুন) বোর্ডের ওয়েবসাইটে এই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

এবার ঢাকা বোর্ডের অধীনে মোট ৩১৭টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩০৯টি কেন্দ্র দেশের অভ্যন্তরে এবং ৮টি কেন্দ্র বিদেশে অবস্থিত। কেন্দ্র তালিকার পাশাপাশি কেন্দ্রের কোড নম্বর, আওতাধীন কলেজের নাম, কলেজের কোড, ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তত্ত্বাবধায়ক কর্মকর্তার বিস্তারিত বিবরণও প্রকাশ করা হয়েছে।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের কাছ থেকে কেন্দ্র ফি সংগ্রহ করবেন। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে গোপনীয় কাগজপত্র ও অলিখিত উত্তরপত্র সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবেন।কেন্দ্র তালিকা দেখুন এখানে

প্রতিদিন পরীক্ষা শেষে সন্ধ্যা ৭টার মধ্যে ডাকযোগে ওএমআর-এর প্রথম অংশ ঢাকা শিক্ষা বোর্ড কম্পিউটার কেন্দ্রে পাঠাতে হবে। একই সঙ্গে উত্তরপত্রগুলো পরীক্ষা পরিচালনা নীতিমালা অনুযায়ী পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে জমা দিতে হবে।

ভেন্যু কেন্দ্রগুলোর ক্ষেত্রে মূল কেন্দ্র থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা শেষে যাবতীয় কাগজপত্র মূল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিতে হবে। জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার পরীক্ষা কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্বাচিত কলেজের অধ্যক্ষ বা সিনিয়র অধ্যাপক ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পরীক্ষা পরিচালনার সার্বিক দায়িত্বে থাকবেন।