জুন ২৪, ২০২৬, ০১:৪৭ পিএম
কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষার সময় নকল পাওয়া গেলে ওই প্রতিষ্ঠানের প্রধানকে আইনের আওতায় আনা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সাথে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি। ঢাকার আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এই মন্তব্য করেন।বুধবার সকালে বিভিন্ন শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় সচিবদের সাথে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ঢাকা, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের সচিবরা উপস্থিত ছিলেন। সভায় শিক্ষামন্ত্রী উল্লেখ করেন যে বর্তমানে প্রথাগত নকলের হার কমলেও এর ধরন পরিবর্তিত হয়েছে। নকলের সহযোগীরা যাতে কোনোভাবেই পার পেয়ে যেতে না পারে, সেজন্য দেশের সাইবার আইন পরিমার্জন করা হচ্ছে। দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার জন্য গত ১০ বছর ধরে একটি গভীর ষড়যন্ত্র চলছে বলেও তিনি মন্তব্য করেন।
শিক্ষাসংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তনের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা বা এসএসসি পরীক্ষা আগামী বছরের জানুয়ারিতেই গ্রহণ করা হবে। এর পাশাপাশি ২০২৭ সালে শিক্ষাক্রম বা কারিকুলাম পরিমার্জন করার পর ২০⑧৮ সালে তা পুরোপুরি পরিবর্তন করার পরিকল্পনা রয়েছে সরকারের। এ ছাড়া ২০২২ সালের পর থেকে যেসব শিক্ষক এখনো অবসর ভাতা পাননি, তাদের জন্য আগামী জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে এই ভাতা চালু করার সুসংবাদ দেন শিক্ষামন্ত্রী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন