রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঢাকা থেকে সিসি ক্যামেরায় মনিটরিং হবে সারাদেশের এইচএসসি পরীক্ষা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১, ২০২৬, ০৪:৩১ পিএম

ঢাকা থেকে সিসি ক্যামেরায় মনিটরিং হবে সারাদেশের এইচএসসি পরীক্ষা

দেশব্যাপী উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও সম্পূর্ণ স্বচ্ছ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে এক নজিরবিহীন প্রযুক্তিগত উদ্যোগ গ্রহণ করেছে সরকার। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া এই পাবলিক পরীক্ষার প্রতিটি কেন্দ্র সরাসরি রাজধানী ঢাকা থেকে সিসি ক্যামেরার মাধ্যমে নিবিড়ভাবে তদারকি করা হবে। বুধবার ১ জুলাই দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে সরকারের এই নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই বিশেষ তদারকি ব্যবস্থার আনুষ্ঠানিক ঘোষণা দেন।সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, দেশের সব পরীক্ষা কেন্দ্রে ইতিমধ্যেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয়ে একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই আধুনিক মনিটরিং সেলে বসেই কর্মকর্তারা দেশের যেকোনো প্রান্তের যেকোনো কেন্দ্রের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন। 

পরীক্ষায় জালিয়াতি ও অসদুপায় অবলম্বন রোধে কেন্দ্রগুলোতে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তাদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে, যার ফলে পরীক্ষা কেন্দ্রে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট ৭৭টি বিষয়ে ২১ দিন ধরে পরীক্ষা গ্রহণ সম্পন্ন করা হবে এবং যে দিনগুলোতে পরীক্ষা থাকবে না, সে দিনগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পাঠদান কার্যক্রম স্বাভাবিক নিয়মেই পরিচালিত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া অফিশিয়াল তথ্যানুযায়ী, চলতি বছর ৯টি সাধারণ এবং মাদরাসা ও কারিগরি মিলিয়ে মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১০ লাখ উত্তেজনা ৬৯ হাজার ৭১৪ জন, মাদরাসা বোর্ডে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন শিক্ষার্থী রয়েছেন। 

মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রীর সংখ্যা ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন, যারা দেশের মোট ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষায় বসবেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক সহ শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।