রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

বাল্যবিবাহের শিকার নারীদের দক্ষতা বাড়াচ্ছে সুতোর কাব্য

মোঃ রাহাত হোসেন

জুলাই ৫, ২০২৬, ০৩:২৩ পিএম

বাল্যবিবাহের শিকার নারীদের দক্ষতা বাড়াচ্ছে সুতোর কাব্য

ছবি : দিনাজপুর টিভি

বাল্যবিবাহের শিকার হয়ে স্বপ্নভঙ্গ হওয়া অনেক নারীর হারিয়ে যাওয়া স্বপ্নগুলোকে নতুন করে বাঁচিয়ে তোলার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে সামাজিক উদ্যোগ ‘সুতোর কাব্য’। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) একদল শিক্ষার্থীর হাত ধরে শুরু হওয়া এই উদ্যোগটি বাল্যবিবাহের শিকার ও সুবিধাবঞ্চিত নারীদের হস্তশিল্পে দক্ষ করে তুলছে। নারীর ক্ষমতায়ন, সচেতনতা এবং পরিবেশ সংরক্ষণকে এক সুতোয় গেঁথে টেকসই পরিবর্তন আনার স্বপ্ন দেখছে এই তরুণ উদ্যোক্তারা।

এই উদ্যোগের নেপথ্যে কো-ফাউন্ডার হিসেবে কাজ করছেন বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী রিমন চৌধুরী, মো. ফয়সাল আলী, আরফিন জাহান স্বর্ণা, মিসকে জান্নাত এবং রিমু সোলায়মান।উদ্যোগটির সঙ্গে সংশ্লিষ্টরা জানান, অনেক মেয়েই শৈশবে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখলেও বাল্যবিবাহ ও সামাজিক বাস্তবতায় তা থমকে গেছে।

সময়ের সঙ্গে সঙ্গে তারা সংসারের দায়িত্ব পালন করলেও নিজের ইচ্ছাগুলো অনেকটাই আড়ালে পড়েছে। সেই নারীদের হাতের দক্ষতাকে সম্পদে রূপ দিতে কাজ করছে সুতোর কাব্য। প্রশিক্ষণের মাধ্যমে তাদের হস্তশিল্প তৈরিতে দক্ষ করে তোলা হচ্ছে এবং পণ্য বাজারজাতের মাধ্যমে আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী করে তোলা হচ্ছে।

সুতোর কাব্য মনে করে, আত্মনির্ভরতা কেবল অর্থ উপার্জনের মাধ্যম নয়; নিজের সিদ্ধান্ত নেওয়া ও নিজের পরিচয় ফিরে পাওয়ার সামর্থ্য অর্জনও এর অংশ। পণ্যের প্রতিটি সেলাইয়ের সঙ্গে জড়িয়ে আছে একজন নারীর সাহস ও স্বপ্ন দেখার গল্প। অর্থনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি উদ্যোগটি বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে সেমিনার ও প্রশিক্ষণের পরিকল্পনা করেছে।

পরিবেশ রক্ষায়ও রাখা হয়েছে বিশেষ গুরুত্ব। প্রতিটি পণ্য বিক্রির লভ্যাংশের একটি অংশ গাছ রোপণের জন্য সংরক্ষণ করা হবে এবং নির্দিষ্ট মূল্যের পণ্য ক্রয়ে ক্রেতাদের উপহার দেওয়া হবে একটি করে গাছ। স্বপ্ন থেমে যেতে পারে, কিন্তু শেষ হয়ে যায় না—এই বিশ্বাস নিয়েই নারীদের নিয়ে নতুন করে বাঁচার গল্প লিখছে সুতোর কাব্য।