আগস্ট ৩, ২০২৬, ১১:৫৯ এএম
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সময়সূচি এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬-এর প্রস্তুতি নিয়ে আলোচনা করতে যাচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগামী ৬ আগস্ট কমিটির ৫৭৪তম বিশেষ সভায় এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করা হবে।রোববার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির জারি করা এক নোটিশে সভার এই সময়সূচি জানানো হয়।
দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওই সভায় উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ৬ আগস্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং ঢাকা শিক্ষা বোর্ডে দুটি পৃথক সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে সকাল ১১টায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এই সভা অনুষ্ঠিত হবে।সভায় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান সভাপতিত্ব করবেন। আলোচ্যসূচির মধ্যে রয়েছে আগের ৫৭৩তম সভার কার্যবিবরণী অনুমোদন, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের প্রক্রিয়া এবং জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধন। শিক্ষা বোর্ডগুলোর এই গুরুত্বপূর্ণ বৈঠককে আগামী শিক্ষাবর্ষের পরীক্ষাসংক্রান্ত কার্যক্রমের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন