আগস্ট ৩, ২০২৬, ০৭:১৫ পিএম
তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় হারিকেন ও হাঁড়ি-পাতিল নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সোমবার বিকেলে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জাতীয় ছাত্রশক্তি। সারাদেশে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং ও অস্বাভাবিক বিল বৃদ্ধির অভিযোগ তুলে তারা এই কর্মসূচি পালন করেন।ব্যবহার না বাড়লেও জুন ও জুলাই মাসে গ্রাহকদের দুই থেকে তিন গুণ বেশি বিদ্যুৎ বিল দেওয়া হয়েছে বলে দাবি করেন আন্দোলনকারীরা।
বিক্ষোভ সমাবেশ থেকে জানানো হয়, নাগরিক জীবনের সংকট সমাধানের বদলে পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। ঢাকার বাইরের অনেক জেলায় প্রতিদিন আট থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। এমনকি গভীর রাতেও ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। পাম্পগুলোতে প্রয়োজনীয় গ্যাস মিলছে না।
উল্টো সরকার নতুন করে গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা করছে বলে অভিযোগ তোলেন বক্তারা।বিদ্যুতের এমন লাগামহীন বিল ও গ্যাস সংকটকে ‘জনগণের টাকায় ডাকাতি’ বলে আখ্যা দেন তারা। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। নির্বাচিত সরকার এলে জনগণের সব সমস্যা সমাধান হবে এবং দ্রব্যমূল্য সহনশীল থাকবে—এমন প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন শিক্ষার্থীরা। তারা অবিলম্বে জনদুর্ভোগ কমাতে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন