আগস্ট ২১, ২০২৬, ১২:০৬ এএম
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং প্রিমিয়ার ক্রিকেট লিগ সেশন চার এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ আগস্ট মার্কেটিং বিভাগ বাইশ ব্যাচের আয়োজনে বিকাল চারটায় শহীদ নূর হোসেন হলসংলগ্ন খেলার মাঠে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মো. এনামউল্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মো. নওশেরওয়ান এবং ট্রেজারার প্রফেসর ডক্টর মো. মাসুদুল হাসান খান।
এ সময় উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ডক্টর মো. জামালউদ্দিন, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান, প্রক্টর ভারপ্রাপ্ত প্রফেসর ডক্টর আবুল কালাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ডক্টর এস এম এমদাদুল হাসানসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন হাবিপ্রবি ছাত্রদলের সভাপতি মো. এহসানুল কবির অর্নব ও সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ অন্যান্য সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মো. এনামউল্যা বলেন, বিশ্ববিদ্যালয় শুধু শ্রেণিকক্ষ, পরীক্ষা কিংবা একাডেমিক কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয়। একজন শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সহশিক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ব্যক্তিগত জীবনে মানোন্নয়নে এমনকি চাকরির ক্ষেত্রেও অনেক কাজে লাগবে। তিনি আরও বলেন, তোমাদের লক্ষ্য হওয়া উচিত বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়েই নিজেদের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করা।
আমি বিশেষভাবে প্রশংসা করতে চাই মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের, যারা পড়াশুনার পাশাপাশি এমন সুন্দর ও প্রাণবন্ত ক্রীড়া আয়োজনে নিজেদের সম্পৃক্ত করেছ। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। উল্লেখ্য, আজকের ফাইনাল খেলায় সংশপ্তক দল ভাইকিংস দলকে পরাজিত করে বিজয় অর্জন করে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন