আগস্ট ২৮, ২০২৬, ১০:০৯ পিএম
২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের শীর্ষস্থানীয় সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক বা সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর সাম্প্রতিক পাঠানো বিজ্ঞপ্তি ও তথ্য থেকে এই সময়সূচি নিশ্চিত করা গেছে।এই তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের মাধ্যমে শুরু হবে। এরপর ১২ ডিসেম্বর ‘এ’ ইউনিট, ১৯ ডিসেম্বর ‘বি’ ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিট এবং ২৬ ডিসেম্বর ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া ১১ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত চলবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি ‘বি’ ইউনিটের মধ্য দিয়ে শুরু হবে। পরবর্তীতে ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের যাতায়াত ও ভোগান্তি লাঘবে দেশের সাতটি বিভাগীয় শহরে এবার পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১ জানুয়ারি। এই প্রক্রিয়ায় ১ জানুয়ারি ‘এ’ ইউনিট, ৮ জানুয়ারি ‘ই’ ইউনিট, ১৫ জানুয়ারি ‘বি’ ইউনিট, ২২ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৫ নভেম্বর থেকে শুরু হয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২৯ জানুয়ারি। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২৯ জানুয়ারি ‘সি’ ইউনিট, ৩০ জানুয়ারি ‘এ’ ইউনিট, ৩ ফেব্রুয়ারি ‘বি১’ ইউনিট, ৪ ফেব্রুয়ারি ‘বি২’ ইউনিট, ৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট, ৬ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট এবং ৮ ফেব্রুয়ারি ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ১৭ ডিসেম্বর ‘সি’ ও ‘ডি’ ইউনিট এবং ১৮ ডিসেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। তবে প্রকাশিত সময়সূচির বাইরে কোনো পরিবর্তন এলে তা অফিশিয়াল নোটিশের মাধ্যমে জানানো হবে।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি নির্ধারিত হয়েছে। খুলনা, ঢাকা ও রাজশাহী—এই তিন বিভাগীয় শহরে একযোগে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভর্তি পরীক্ষা ১৮ ও ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন