সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬,

রাকসু নির্বাচন পেছানোর দাবি ছাত্রদলের

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৩:১০ পিএম

রাকসু নির্বাচন পেছানোর দাবি ছাত্রদলের

ছবি - সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় চলমান শাটডাউনের মধ্যে আসন্ন রাকসু নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে ছাত্রদল। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই দাবি জানান ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুর উদ্দিন আবীর।

শেখ নুর উদ্দিন আবীর বলেন, পোষ্য কোটা ইস্যু ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের শাটডাউনের কারণে ক্যাম্পাস এখন প্রায় শিক্ষার্থীশূন্য। এমন পরিস্থিতিতে আগামী ২৫ সেপ্টেম্বর একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন আয়োজন করা সম্ভব নয়।

তিনি নির্বাচন উৎসবমুখর এবং গ্রহণযোগ্য করতে পূজার পর তা আয়োজনের দাবি জানান। ৩৫ বছর পর আগামী ২৫ সেপ্টেম্বর বহু প্রতীক্ষিত রাকসু নির্বাচন হওয়ার কথা রয়েছে।

ছাত্রদলের এই প্যানেলটি এবারের রাকসু নির্বাচনে একটি বড় শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। গত ৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে তারা ২৩টি পদের জন্য পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে।

এই প্যানেলে ছাত্রদলের 'ক্লিন ইমেজের' নেতা-কর্মীদের পাশাপাশি জাতীয় দলের ফুটবলার, ব্যান্ডের প্রতিষ্ঠাতা এবং ডিনস পুরস্কারজয়ী শিক্ষার্থীদেরও জায়গা দেওয়া হয়েছে। এই প্যানেলে চারজন নারী শিক্ষার্থীও রয়েছেন।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর অত্যন্ত নম্র ও হাস্যোজ্জ্বল একজন শিক্ষার্থী। তার নেতৃত্বগুণ এবং ইতিবাচক কর্মকাণ্ডের কারণে তিনি শিক্ষার্থীদের মধ্যে ইতোমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছেন।