সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

এসএসসিতে কী কী পরিবর্তন এলো? যা জানাল শিক্ষা বোর্ড

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৫, ২০২৫, ০৪:৫৭ পিএম

এসএসসিতে কী কী পরিবর্তন এলো? যা জানাল শিক্ষা বোর্ড

ছবি - সংগৃহীত

আগামী ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য তিনটি বিষয়ের প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজনে পরিবর্তন আনা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত এই নতুন নিয়ম বাংলা দ্বিতীয় পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে কার্যকর হবে। রোববার (৫ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, বাংলা দ্বিতীয় পত্রের রচনামূলক অংশ থেকে ১০ নম্বরের অনুবাদ প্রশ্নটি বাতিল করা হয়েছে। অনুবাদের পরিবর্তে সেই ১০ নম্বর সংবাদ প্রতিবেদন রচনার জন্য বরাদ্দ করা হয়েছে। ফলে এখন থেকে রচনামূলক অংশে অনুচ্ছেদ, চিঠিপত্র, সারাংশ/সারমর্ম, ভাব-সম্প্রসারণ, প্রতিবেদন ও প্রবন্ধ—এই ছয়টি অংশ থাকবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে তত্ত্বীয় অংশ থেকে ১০ নম্বরের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বাদ দেওয়া হয়েছে। এই ১০ নম্বর বহুনির্বাচনী অংশে (এমসিকিউ) যুক্ত করা হয়েছে, ফলে আইসিটির বহুনির্বাচনী প্রশ্নের মোট নম্বর হবে ২৫। ব্যবহারিক অংশে আগের মতোই ২৫ নম্বর থাকবে।

ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে। এ বিষয়ে ফিন্যান্স অংশ থেকে ৮টি ও ব্যাংকিং অংশ থেকে ৭টিসহ মোট ১৫টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যেখান থেকে অন্তত যেকোনো এক বিভাগ থেকে ৪টিসহ মোট ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে। সৃজনশীল প্রশ্ন থাকবে ৮টি, উভয় অংশ থেকে ন্যূনতম দুটি করে মোট ৫টির উত্তর দিতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নতুন প্রশ্ন কাঠামো ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পাশাপাশি দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষার জন্যও প্রযোজ্য হবে। বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে সকল শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও ২০২৬ সালের পরীক্ষার্থীদের জন্য এই নির্দেশনা অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে।