সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বেরোবিতে সমাবর্তন ২০ ডিসেম্বর, নির্ধারিত সময়েই ছাত্রসংসদ নির্বাচন

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৭, ২০২৫, ০৫:১৬ পিএম

বেরোবিতে সমাবর্তন ২০ ডিসেম্বর, নির্ধারিত সময়েই ছাত্রসংসদ নির্বাচন

ছবি-দিনাজপুর টিভি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী জানিয়েছেন, আগামী ২০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে তিনি নির্ধারিত সময়েই ছাত্রসংসদ ও হলসংসদ নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য দেন।

সমাবর্তন ও ছাত্রসংসদ নির্বাচন নিয়ে ঘোষণা
উপাচার্য বলেন, "আমরা খুব শিগগিরই গেজেট পেতে যাচ্ছি। ছাত্রসংসদ নির্বাচন বিশ্ববিদ্যালয়ের আইনে সরাসরি অন্তর্ভুক্ত না হলেও আমি আশ্বস্ত করতে চাই, স্বায়ত্তশাসিত চারটি বিশ্ববিদ্যালয় বাদে প্রথম যে বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটি হবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

" তিনি আরও বলেন, "আমি আর কথায় নয়, কাজে প্রমাণ করতে চাই। অনেক প্রতিকূলতার মাঝ দিয়ে এসেছি, এখন সেই প্রতিকূলতাকে জয় করে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা নিশ্চিত করার সময়।"

ইউজিসির মনোনয়ন ও উন্নয়ন
উপাচর্য জানান, বেরোবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়—এই তিনটি বিশ্ববিদ্যালয় ইউজিসির খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনীত হয়েছে।

উপাচার্য এই মনোনয়নকে বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বড় অর্জন হিসেবে উল্লেখ করেন। তিনি মনে করেন, এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যান বাস্তবায়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং খুব শিগগিরই বেরোবিকে একটি পূর্ণাঙ্গ ও মানসম্মত বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব হবে।


অডিটোরিয়াম: রিসার্চ ইনস্টিটিউটের অডিটোরিয়াম সম্পন্ন না হওয়া পর্যন্ত বিকল্প হিসেবে ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় একটি সাময়িক অডিটোরিয়াম স্থাপন করা হবে।

প্রতিষ্ঠাবার্ষিকী: আগামী ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও ব্র্যাকের সিইও ড. হোসেন জিল্লুর রহমান, উদ্বোধক থাকবেন শিক্ষাবিদ ড. রেজাউল হক এবং প্রধান আলোচক থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য ড. এম. লুৎফর রহমান।

সাংস্কৃতিক অনুষ্ঠান: বাজেট ঘাটতির কারণে বৃহৎ পরিসরে সাংস্কৃতিক আয়োজন আপাতত সম্ভব না হলেও স্পনসর পেলে মানসম্মত অনুষ্ঠান আয়োজনের চেষ্টা করা হবে।

শিক্ষার্থীদের প্রতি আহ্বান: উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, তারা যেন বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ করতে পারে এমন কোনো প্রচারণা থেকে বিরত থাকেন এবং বেরোবির ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে সবাই একসঙ্গে কাজ করেন।

সংবাদ সম্মেলনে রেজিস্ট্রার হারুন-অর-রশিদ, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান সহ প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।