সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দাবি আদায়ে আজ ‘শাহবাগ অবরোধ’ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন শিক্ষকরা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৫, ২০২৫, ১১:২৭ এএম

দাবি আদায়ে আজ ‘শাহবাগ অবরোধ’ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন শিক্ষকরা

ছবি - সংগৃহীত

বেতন-ভাতা বৃদ্ধির সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারির দাবিতে আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের আন্দোলনকে আরও কঠোর পর্যায়ে নিয়ে যাচ্ছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ বা ‘শাহবাগ ব্লকেড’ করার প্রস্তুতি নিচ্ছেন তারা।

সকাল থেকেই কর্মসূচিতে অংশ নিতে সারাদেশ থেকে আসা হাজার হাজার শিক্ষক কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়েছেন। ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে তারা স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তুলেছেন।জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “আমরা দাবি পূরণ করে প্রজ্ঞাপন জারির জন্য আজ দুপুর ১২টা পর্যন্ত সরকারকে সময় দিয়েছি।

এর মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে, আমরা শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেব এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চালিয়ে যাব।”এদিকে, আজ তৃতীয় দিনের মতো দেশব্যাপী সকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালিত হচ্ছে, যার ফলে শিক্ষা কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে।

উল্লেখ্য, গত রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থানে পুলিশ বাধা দেয় এবং লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বলে অভিযোগ ওঠে। এরপর থেকেই শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। গতকাল মঙ্গলবার তাদের ‘সচিবালয় চলো’ কর্মসূচিও পুলিশ হাইকোর্ট মোড়ে আটকে দিয়েছিল। সরকারের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস দেওয়া হলেও, প্রজ্ঞাপন জারি না হওয়ায় শিক্ষকরা তাদের সিদ্ধান্তে অটল রয়েছেন।