অক্টোবর ১৫, ২০২৫, ১১:৩১ এএম
চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম বলেছেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে ঘিরে নিরাপত্তাজনিত কোনো ঝুঁকি নেই। পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং পুরো ক্যাম্পাস জুড়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।”
বুধবার (১৫ অক্টোবর) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে চাকসু ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।এসপি বলেন, “আমরা সকাল থেকে দেখছি, অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং এমন কোনো আশঙ্কাও নেই।”
তিনি আরও জানান, পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে বিপুল সংখ্যক গোয়েন্দা সদস্য প্রতিটি কেন্দ্র, আবাসিক হল এবং পুরো ক্যাম্পাসে সার্বক্ষণিক নজরদারি করছেন। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রবেশপথে তল্লাশি চালানো হচ্ছে, যাতে কোনো বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। র্যাব ও বিজিবির সঙ্গে সমন্বয় করেও পুলিশ কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
পুলিশ সুপার বলেন, “নির্বাচনের আগে, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরেও যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, সেজন্য আমরা একটি ত্রিস্তর বিশিষ্ট নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা আশা করছি, ৩৬ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনটি একটি মডেল নির্বাচন হিসেবে অনুষ্ঠিত হবে।”


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন