অক্টোবর ১৬, ২০২৫, ০৭:৩৫ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠানের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ‘ক্যাম্পাস টু কান্ট্রি, ইলেকশন ইন ফেব্রুয়ারি’—এই প্রধান স্লোগানকে সামনে রেখে ছাত্রদলের বিভিন্ন হল ইউনিটের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে উপাচার্য চত্বর প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ‘দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ’, ‘জেন জি-র প্রথম ভোট, বাংলাদেশের জন্য হোক’—ইত্যাদি স্লোগান দেন।
সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের পর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলকে আগের চেয়ে অনেক বেশি সক্রিয় দেখা যাচ্ছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখেই তারা সাধারণ শিক্ষার্থীদের সংগঠিত করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন নেতারা।
মিছিলে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামীম। এ সময় আরও উপস্থিত ছিলেন মাস্টারদা সূর্য সেন হলের আহ্বায়ক মনোয়ার হোসেন প্রান্ত, সুফিয়া কামাল হলের আহ্বায়ক তাওহীদা সুলতানা এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আহ্বায়ক গাজী জাহিদুল ইসলামসহ বিভিন্ন হলের দেড় শতাধিক নেতাকর্মী।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন