অক্টোবর ২৯, ২০২৫, ০৬:৩১ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পূর্বে ঘোষিত সম্ভাব্য তারিখ কিছুটা পরিবর্তন করে নতুন এই সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। আগামী ১৩ ডিসেম্বর চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তিযুদ্ধ।
বুধবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের এক গুরুত্বপূর্ণ সভায় এই চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ এবং একাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
চূড়ান্ত সময়সূচি অনুযায়ী, ১৩ ডিসেম্বর (শুক্রবার) চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ২৬ ডিসেম্বর (শুক্রবার) বিজ্ঞান এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা গ্রহণ করা হবে। ঠিক তার পরের দিন, অর্থাৎ ২৭ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা।
পরবর্তী বছর, অর্থাৎ ২০২৬ সালের ৯ জানুয়ারি (শুক্রবার) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবশেষে, ২৩ জানুয়ারি (শুক্রবার) কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম (পরীক্ষা পর্ব) শেষ হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘোষিত এই চূড়ান্ত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা ও সংশ্লিষ্ট কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এই তারিখগুলো লক্ষ্য রেখে প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন