নভেম্বর ৩, ২০২৫, ০৩:৫০ পিএম
জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে সৃষ্ট বিভেদ ও অসহিষ্ণুতায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। তিনি দলীয় সংকীর্ণতা পরিহার করে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।সোমবার (০৩ নভেম্বর) ডাকসুর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে সাদিক কায়েম বলেন, ‘সংবিধান থেকে শুরু করে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে দলীয়করণ ও কুক্ষিগত করার মাধ্যমে রাষ্ট্রের প্রতিটি স্তরে ফ্যাসিবাদ কায়েম করেছিল খুনি হাসিনা। এই ত্রুটিপূর্ণ সিস্টেম পরিবর্তনে জুলাই আকাঙ্ক্ষার আলোকে জুলাই সনদে ৮৭টি মৌলিক কাঠামোগত সংস্কার প্রস্তাবনা তুলে ধরা হয়।’তিনি অভিযোগ করেন, ঐকমত্য কমিশনের দীর্ঘ প্রচেষ্টা সত্ত্বেও রাজনৈতিক দলগুলো এই সংস্কার প্রস্তাব নিয়ে বিভেদ তৈরি করছে।
ডাকসু ভিপি বলেন, ‘এই সংস্কার প্রস্তাবনায় একক দল হিসেবে বিএনপি সর্বোচ্চ নোট অব ডিসেন্ট তথা ১৯টি প্রস্তাবে লিখিত আপত্তি জানিয়েছে। কেবল তাই নয়, এই ১৯টি প্রস্তাব যেন গণভোটে না পাঠানো হয়, সে চেষ্টাও চালানো হচ্ছে। অন্যদিকে জামায়াত ৬টি এবং এনসিপি একটি প্রস্তাবে আপত্তি জানিয়েছে।’
বিবৃতিতে উল্লেখ করা হয়, বিএনপির আপত্তির অন্যতম বিষয়গুলো হলো: সরকারি কর্ম কমিশনে নিয়োগ, ন্যায়পাল নিয়োগ, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগ, দুর্নীতি দমন কমিশনে নিয়োগ, স্বাধীন বিচারবিভাগীয় নিয়োগ কমিশন গঠন এবং ৩টি সরকারি কর্ম কমিশন গঠনের বিরোধিতা। এছাড়া জাতীয় স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক চুক্তি সংসদের উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদন এবং অর্থবিল ও আস্থা ভোট ছাড়া অন্যান্য বিষয়ে সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার প্রস্তাবেও বিএনপি আপত্তি জানিয়েছে বলে ডাকসু ভিপি উল্লেখ করেন।
জামায়াতে ইসলামী স্থানীয় সরকারের আর্থিক নিয়ন্ত্রণ ও সরকারি কর্মকর্তাদের স্থানীয় সরকারের অধীনে ন্যস্ত করার মতো প্রস্তাবে নোট অব ডিসেন্ট দিয়েছে। আর এনসিপি জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধির পদ্ধতিতে আপত্তি জানিয়েছে।ডাকসু ভিপি বলেন, বিএনপিসহ রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করলেও এখন তা গণভোটে পাঠানোকে কেন্দ্র করে পুনরায় রাজনৈতিক অসহিষ্ণুতা, অসহযোগিতা এবং উদ্দেশ্যপ্রণোদিত নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে।
তিনি ‘জুলাই প্রজন্ম ও দেশের আপামর ছাত্রজনতার পক্ষ থেকে’ বিএনপি, জামায়াতসহ সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘একটি সুন্দর আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে এসে ঐতিহাসিক ভূমিকা পালন করুন। প্রজন্মের আকাঙ্ক্ষা উপলব্ধি করুন। সেই রাজনীতি পরিহার করুন, যে রাজনীতিতে জনগণের চাওয়া-পাওয়া উপেক্ষিত থাকে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন