রকিবুল হাসান মুন্না
নভেম্বর ৪, ২০২৫, ০৭:১৯ পিএম
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জার্মান রিটেইলার "কিক"-এর অর্থায়নে এবং জিআইজেড ইন্টারন্যাশনাল সার্ভিসেস-এর বাস্তবায়নে পরিচালিত "কিক মেকস দ্যা ডিফারেন্স" প্রকল্পের আওতায় শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ, আইটি সরঞ্জাম ও চেক বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহাঃ তৌহিদুল ইসলাম।
অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, "এই শিক্ষাবৃত্তি কার্যক্রম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অব্যাহত রাখতে সহায়তা করবে। শিক্ষার্থীদের স্বপ্নপূরণের পথে এটি অনন্য অনুপ্রেরণা যোগাবে।"তিনি প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের জন্য জিআইজেড ইন্টারন্যাশনাল সার্ভিসেস ও "কিক" কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান এবং শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা।অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা ল্যাপটপ ও চেক হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং প্রকল্প সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।