রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিলাসবহুল বাংলোতে রণবীর-আলিয়ার সুখের সংসার

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৫, ২০২৫, ০৩:৩৪ পিএম

বিলাসবহুল বাংলোতে রণবীর-আলিয়ার সুখের সংসার

দীর্ঘ দেড় বছরের অপেক্ষা এবং ২৫০ কোটি রুপির বিশাল বিনিয়োগ শেষে অবশেষে মাথা তুলে দাঁড়িয়েছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের স্বপ্নের বিলাসবহুল বাংলো। জাঁকজমক ও মূল্যের দিক থেকে যা বলিউডের কিং খান শাহরুখের ‘মান্নাত’ থেকে শুরু করে কিংবদন্তী অমিতাভ বচ্চনের ‘জলসা’ পর্যন্ত অনেককেই টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে।

দিওয়ালির পবিত্র লগ্নে যজ্ঞ ও পূজার মধ্য দিয়ে বাংলোতে গৃহপ্রবেশের পর এবার ভক্তদের উদ্দেশ্যে সেই বিলাসী নতুন সংসারের প্রথম ঝলক আলিয়া শেয়ার করেছেন নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে। এই ঘটনা বিনোদন জগতে নতুন আলোচনার সৃষ্টি করেছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে আলিয়া ভাট ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন।

সেই ছবিগুলোতে গৃহপ্রবেশের দিনে শশব্যস্ত তারকা দম্পতিকে দেখা গেছে। প্রকাশিত এক ছবিতে ঋষি কাপুরের প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে রণবীরকে প্রণাম করতে দেখা যায়। অন্য ছবিতে ধরা পড়েছে তাদের ঘরে অনুষ্ঠিত যজ্ঞ ও পূজা পাঠের বিশেষ ঝলক।গৃহপ্রবেশের এই পারিবারিক আয়োজনে রণবীর-আলিয়ার সঙ্গে তাদের ছোট্ট মেয়ে রাহা কাপুরও পূজায় অংশগ্রহণ করে। বউমা আলিয়ার এমন আয়োজনে শাশুড়ি নীতু কাপুর যে মহাআপ্লুত, সেই মুহূর্তও ক্যামেরাবন্দি হয়েছে।

যেখানে ঋষি কাপুরের ছবির সামনে দাঁড়িয়ে নীতু আলিয়াকে আলিঙ্গন করে আদরে ভরিয়ে দিতে দেখা যায়।প্রসঙ্গত, এই নতুন বাংলোতেই রণবীর ও আলিয়া তাদের মেয়ে রাহা কাপুরের তিন বছরের জন্মদিন পালন করেছেন। জানা যায়, ২৫০ কোটির এই বিলাসবহুল বাংলোর অর্ধেকটা নাকি মেয়ে রাহা কাপুরের নামেই রেজিস্ট্রি করেছেন রণবীর-আলিয়া। আর বাকি অর্ধেকটা ঋষি কাপুরের শেষ ইচ্ছা অনুযায়ী নীতু কাপুরের নামে রাখা হয়েছে।