রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ক্যারিয়ারকে কোনো নির্দিষ্ট মাইলফলক হিসেবে দেখি না : আলিয়া

বিনোদন ডেস্ক

জানুয়ারি ১, ২০২৬, ০৪:২২ পিএম

ক্যারিয়ারকে কোনো নির্দিষ্ট মাইলফলক হিসেবে দেখি না : আলিয়া

২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে বলিউডে যাত্রা শুরু করেছিলেন আলিয়া ভাট। এক দশকের বেশি সময় ধরে দাপটের সঙ্গে অভিনয় করলেও এবার তুঙ্গে থাকা ক্যারিয়ারের মাঝেই বড় এক সিদ্ধান্তের কথা জানালেন এই অভিনেত্রী। মেয়ে রাহাকে পর্যাপ্ত সময় দিতেই কাজের গতি কমিয়ে আনার পরিকল্পনা করেছেন তিনি।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়া জানান, এখন থেকে বছরে একটির বেশি সিনেমায় কাজ করবেন না তিনি।

তিনি বলেন,আমি ক্যারিয়ারকে কখনোই কোনো নির্দিষ্ট মাইলফলক হিসেবে দেখি না। আগে যেভাবে কাজ করতাম, এখন আর তা সম্ভব নয়। কারণ আমার একটি সন্তান আছে।

আলিয়া আরও যোগ করেন, আগে তিনি একসঙ্গে দুই-তিনটি সিনেমার কাজ সামলাতেন, কিন্তু এখন মন আর তাতে সায় দেয় না। যখন যে কাজটি করবেন, সেখানে শতভাগ মনোযোগ দিতে চান বলেই এই সিদ্ধান্ত।মা হওয়ার পর নিজেকে অ্যাকশন ঘরানার সিনেমায় নতুন করে আবিষ্কার করেছেন আলিয়া। হলিউডের ‘হার্ট অব স্টোন’ এবং বলিউডের আসন্ন সিনেমা ‘আলফা’-তে অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন,

মা হওয়ার পর অ্যাকশন দৃশ্যগুলো করতে গিয়ে বুঝতে পেরেছি আমার শরীর এখনো কতটা ফিট। ‘আলফা’ আমাকে এমন কিছু সুযোগ করে দিয়েছে যা আগে কখনো পাইনি।”শিব রাওয়াইলের পরিচালনায় নির্মিতব্য ‘আলফা’ সিনেমায় আলিয়ার পাশাপাশি অভিনয় করেছেন শর্বরী ও ববি দেওলসহ আরও অনেকে।