রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রাশমিকা ও বিজয়ের বিয়ে আজ

বিনোদন ডেস্ক

ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১২:২১ পিএম

রাশমিকা ও বিজয়ের বিয়ে আজ

আজ বিয়ের পিঁড়িতে এই জুটি

দক্ষিণের জনপ্রিয় দুই মহাতারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার দীর্ঘদিনের প্রেমের গুঞ্জন আজ পরিণয়ে রূপ নিতে যাচ্ছে। বৃহস্পতিবার রাজস্থানের ঐতিহাসিক শহর উদয়পুরের একটি বিলাসবহুল রিসোর্টে এই তারকা জুটি সাতপাকে বাঁধা পড়ছেন। পরিবারের সদস্য এবং অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এই বিয়ের আয়োজন সম্পন্ন হচ্ছে। 

গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিয়ে নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।বিয়ের এই বিশেষ আয়োজনে দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী রীতিনীতিকে প্রাধান্য দেওয়া হয়েছে। 

কয়েকদিন আগে এই তারকা যুগল সামাজিক মাধ্যমে ‘দ্য ওয়েডিং অব বিরোশ’ শিরোনামে তাদের বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেন। মূলত ভক্তদের দেওয়া বিজয় ও রাশমিকা নামের সংমিশ্রণ ‘বিরোশ’ নামটিকেই তারা বিয়ের মূল শিরোনাম হিসেবে বেছে নিয়েছেন। 

গত ২২ ফেব্রুয়ারি এক ইনস্টাগ্রাম পোস্টে তারা জানিয়েছিলেন যে ভক্তদের দেওয়া এই নামটি তাদের সম্পর্কের পথচলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবেগের একটি জায়গা দখল করে আছে।বিয়ের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে অতিথিদের খাবারের ভিন্নধর্মী পরিবেশনা। জানা গেছে, দক্ষিণ ভারতীয় প্রাচীন ঐতিহ্য মেনে কলাপাতায় খাবার পরিবেশন করা হবে। এই রীতিকে তারা সমৃদ্ধি এবং শুভ সূচনার প্রতীক হিসেবে দেখছেন। 

খাবারের পাশাপাশি পানীয় হিসেবে থাকছে ডাবের পানি, যা আতিথেয়তা ও পবিত্রতার প্রতীক হিসেবে গণ্য করা হয়। রাজস্থানের রাজকীয় পরিবেশে দক্ষিণ ভারতীয় ঐতিহ্যের এই সংমিশ্রণ বিয়েটিকে অনন্য মাত্রা দিয়েছে। বিনোদন জগতের অন্যতম আলোচিত এই বিয়ে নিয়ে এখন পুরো নেট দুনিয়ায় চর্চা চলছে এবং ভক্তরা নবদম্পতির প্রথম ঝলক দেখার অপেক্ষায় রয়েছেন।