রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

উদয়পুরে সাত পাকে বাঁধা পড়লেন রাশমিকা-বিজয়

বিনোদন ডেস্ক

ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৫:২০ পিএম

উদয়পুরে সাত পাকে বাঁধা পড়লেন রাশমিকা-বিজয়

রাশমিকা-বিজয়ের বিয়ে

দীর্ঘ সাত বছরের গুঞ্জন আর লুকোচুরির অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দক্ষিণি সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। বৃহস্পতিবার সকালে রাজস্থানের উদয়পুরে রাজকীয় এক আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দুই পরিবারের সদস্য ও অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে এই তারকা যুগল জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, এদিন সকাল ১০টা ১০ মিনিটের দিকে বিয়ের মূল ধর্মীয় ও সামাজিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ভক্তদের দেওয়া ভালোবাসার ডাকনাম ভিরোশ-কে সম্মান জানিয়ে নিজেদের এই মিলনকে তারা এই নামেই অভিহিত করেছেন। বিয়ের প্রস্তুতির খবর বেশ কিছুদিন ধরেই গুঞ্জন হিসেবে শোনা যাচ্ছিল, তবে সবকিছুই রাখা হয়েছিল কড়া গোপনীয়তার মধ্যে।

রাশমিকা ও বিজয় প্রথম একসঙ্গে কাজ করেন গীতা গোবিন্দম ও ডিয়ার কমরেড সিনেমায়। সেই থেকেই তাদের চমৎকার বন্ধুত্বের শুরু হয়, যা পরবর্তী সময়ে গভীর প্রেমে রূপ নেয়। 

যদিও দীর্ঘ সময় তারা জনসমক্ষে নিজেদের সম্পর্ককে শুধুমাত্র বন্ধুত্ব বলে দাবি করে আসছিলেন, তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তারা সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছিলেন। বিয়ের খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যায় ভাসছেন নবদম্পতি। তবে একটি বিশেষ বিষয়ে অনুরাগীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে ইন্টারনেটে তাদের বিয়ের যেসব ছবি দেখা যাচ্ছে, তার বেশির ভাগই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভুয়া ছবি। প্রিয় তারকার পক্ষ থেকে বিয়ের অফিশিয়াল ছবি ও ভিডিও প্রকাশের জন্য কোটি কোটি অনুরাগী এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

দক্ষিণি সিনেমার গণ্ডি পেরিয়ে অর্জুন রেড্ডি খ্যাত বিজয় এবং পুষ্পা ও অ্যানিমাল খ্যাত রাশমিকা এখন সর্বভারতীয় তারকায় পরিণত হয়েছেন। তাদের এই রাজকীয় বিয়ে বিনোদন জগতের বছরের অন্যতম আলোচিত ঘটনা হিসেবে জায়গা করে নিয়েছে। উদয়পুরের লেক প্যালেসে আয়োজিত এই বিয়েতে দক্ষিণি সিনেমার বেশ কয়েকজন প্রথম সারির তারকাও উপস্থিত ছিলেন বলে জানা গেছে। কঠোর নিরাপত্তা এবং গোপনীয়তা বজায় রাখার কারণে বিয়ের ভেতরের দৃশ্য সরাসরি দেখা না গেলেও ভক্তদের উন্মাদনা তুঙ্গে রয়েছে। নবদম্পতির আগামীর পথচলা শুভ হোক, এমন কামনায় মুখর এখন সামাজিক যোগাযোগমাধ্যম।