জুন ২৭, ২০২৬, ০২:৩৫ পিএম
চলতি ২০২৬ ফুটবল বিশ্বকাপের আসর জমজমাট হয়ে উঠেছে। ইতিমধ্যে বিশ্বকাপের রাউন্ড অব থার্টি টু বা শেষ বত্রিশ নিশ্চিত করেছে ব্রাজিল ও আর্জেন্টিনার মতো শক্তিশালী দলগুলো। বিশ্বমঞ্চের এই আসর ঘিরে পুরো বাংলাদেশে ফুটবলপ্রেমীদের মাঝে তুমুল উন্মাদনা শুরু হয়েছে। সাধারণ দর্শকদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও নিজেদের প্রিয় দল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সাক্ষাৎকারে প্রকাশ্যে মুখ খুলছেন।
সেই তালিকায় এবার যুক্ত হয়েছেন দেশের ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনয়শিল্পী তানজিম সাইয়ারা তটিনী।তিঁনি একদম ছোটবেলা থেকেই ব্রাজিলের কট্টর সমর্থক বলে জানিয়েছেন।সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে তটিনী নিজের ফুটবল অনুরাগ ও প্রিয় দল নিয়ে বিস্তারিত কথা বলেন। অভিনেত্রী জানান, তাদের পুরো পরিবারই ঐতিহ্যগতভাবে ব্রাজিল দলকে সমর্থন করে। তার ভাই, ভাবি, মামা ও মামিসহ পরিবারের সব সদস্যই ব্রাজিলের অন্ধ ভক্ত।
তবে বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের চিরাচরিত কাদা ছোড়াছুড়ি ও সামাজিক দ্বন্দ্ব নিয়ে নিজের দ্বিমত প্রকাশ করেছেন এই তারকা। তার মতে, বাংলাদেশে ফুটবল মানেই যেন কে কাকে কত বেশি হিংসা বা উপহাস করতে পারবে তার এক অহেতুক প্রতিযোগিতা শুরু হয়।আর্জেন্টিনা জিতলে ব্রাজিলের সমর্থকদের মনে কষ্ট হয়, আবার ব্রাজিল জিতলে আর্জেন্টিনার সমর্থকেরা খেপে যান। কিন্তু একজন সাধারণ ও সচেতন দর্শক হিসেবে আর্জেন্টিনার ফুটবল শৈলী তটিনী ব্যক্তিগতভাবে দারুণ পছন্দ করেন। দলটির প্রতি তার মনে কোনো ধরনের বিদ্বেষ বা নেতিবাচক মনোভাব নেই।
বিশেষ করে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির খেলার প্রশংসা করে তটিনী বলেন, মেসি একজন অসাধারণ ও জাদুকরী খেলোয়াড়। মানুষ কেন এই দলটিকে বা মেসিকে ঢালাওভাবে ঘৃণা করে, তা তার মোটেও বোধগম্য নয়। প্রতিদ্বন্দ্বিতা বা উত্তেজনা থাকলেও দিনশেষে খেলাকে কেবল বিনোদন ও খেলার মতোই সুন্দরভাবে উপভোগ করা উচিত বলে মনে করেন এই জনপ্রিয় অভিনেত্রী। তটিনীর এই সৌহার্দ্যপূর্ণ মন্তব্য ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবলপ্রেমীদের মাঝে বেশ ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন