রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ব্রাজিলের বিদায়ে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী তটিনী

বিনোদন ডেস্ক

জুলাই ৬, ২০২৬, ০৪:৩২ পিএম

ব্রাজিলের বিদায়ে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী তটিনী

বিশ্বকাপের শেষ ষোলো থেকে ব্রাজিলের বিদায়ে ফুটবলপ্রেমী কোটি দর্শকের মতো হতাশ শোবিজ অঙ্গনের তারকারাও। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের এই বিদায়ের পর প্রিয় দলের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। সোমবার ব্রাজিলের বিদায়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন তিনি।

ছবির ক্যাপশনে তটিনী লিখেছেন, দলের ভালো-খারাপ প্রতিটি সময়ে আমি পাশে আছি। ব্রাজিল এমন একটি দল, যা আমি চিরকাল আমার হৃদয়ে বহন করব। আজ, আগামীকাল এবং সর্বদা—আমি আমার দলের সঙ্গেই থাকব। ছবিতে তটিনীকে ব্রাজিলের জার্সি পরিহিত অবস্থায় এক হাত দিয়ে চোখ ঢেকে রাখতে দেখা যায়, যা পরাজয়ের বেদনা স্পষ্টভাবে ফুটিয়ে তোলে।

অভিনেত্রীর এই পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই তাকে সান্ত্বনা জানিয়েছেন। ভক্তরা লিখেছেন, সত্যিকারের সমর্থকরা হার-জিতের বাইরে থেকেই দলের পাশে থাকেন। অনেকে আবার ২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের ঘুরে দাঁড়ানোর প্রত্যাশাও ব্যক্ত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিল দলের বিদায় নিয়ে নানা আলোচনা চললেও তটিনীর বার্তাটি ভক্তদের নজর কেড়েছে। তার কাছে ব্রাজিল শুধু একটি ফুটবল দল নয়, বরং হৃদয়ের এক গভীর আবেগ।