রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

অভিনয়ের ব্যস্ততার মাঝেও এসএসসিতে জিপিএ-৪ পেলেন অতিথি

বিনোদন ডেস্ক

আগস্ট ১১, ২০২৬, ১০:১৬ এএম

অভিনয়ের ব্যস্ততার মাঝেও এসএসসিতে জিপিএ-৪ পেলেন অতিথি

ছবি : সংগৃহীত

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এর ‘ফারহানা’ চরিত্রে অভিনয় করে দর্শকের পরিচিত মুখ হয়ে উঠেছেন তরুণ অভিনয়শিল্পী ইসরাত অতিথি। অভিনয়ের তীব্র ব্যস্ততা এবং নানা প্রতিকূলতার মাঝেও এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় তিনি জিপিএ-৪ অর্জন করেছেন। উত্তরা কেসি মডেল স্কুলের মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে তিনি এই সাফল্য অর্জন করেন।

পরীক্ষার ঠিক আট মাস আগে বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বিভাগে এসেও তিনি এই অভাবনীয় ফলাফল করেছেন।পরিবার সূত্রে জানা গেছে, নবম শ্রেণি পর্যন্ত বিজ্ঞান বিভাগে পড়াশোনা করলেও শুটিংয়ের ব্যস্ততা অতিরিক্ত বেড়ে যাওয়ায় নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়া তার জন্য কঠিন হয়ে পড়েছিল। পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিভাগ পরিবর্তন করেন তিনি। 

স্বল্প সময়ের প্রস্তুতি সত্ত্বেও টেস্ট পরীক্ষায় নিজের সেকশনে প্রথম স্থান অধিকার করেছিলেন এই তরুণী। পরীক্ষার মাত্র দুই দিন আগেও তাকে শুটিং করতে হয়েছে এবং টেস্ট পরীক্ষার সময় কক্সবাজার থেকে সরাসরি এসে পরীক্ষায় অংশ নিতে হয়েছিল।শুটিং সেটের ফাঁকে ফাঁকে বই নিয়ে বসে পড়াশোনা করার মাধ্যমে তিনি অভিনয় ও পড়াশোনার চমৎকার ভারসাম্য বজায় রেখেছিলেন। 

একমাত্র ছোট বোনের এমন সাফল্যে তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা অত্যন্ত আনন্দিত। পরীক্ষার ফলাফল প্রকাশের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করে সবার কাছে দোয়া চেয়েছেন উদীয়মান এই অভিনেত্রী।