আগস্ট ২১, ২০২৬, ১১:২৮ এএম
ইতালির রোমে একটি কনসার্টে অংশ নিতে গিয়ে সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় রক তারকা ও নগর বাউলখ্যাত গায়ক জেমস। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পোস্টে দাবি করা হয় যে, কনসার্ট শেষে হোটেল রুম নোংরা রেখে চলে গেছেন গায়ক ও তার সফরসঙ্গীরা। এ কারণে হোটেল কর্তৃপক্ষ পরিচ্ছন্নতার জন্য অতিরিক্ত ২০০ ইউরো জরিমানা দাবি করেছে বলে জানানো হয়।
হোটেল রুম নোংরা রাখার অভিযোগ নিয়ে সরাসরি কথা বলেছেন সংগীতশিল্পী জেমস।সংবাদ সম্মেলনে জেমস স্পষ্ট করেছেন যে, যে রুমটি নিয়ে মূলত অভিযোগ উঠেছে, সেখানে দলের এক তরুণ গিটারিস্ট ছিলেন। নিয়মিত রুম পরিষ্কার না করার কারণে কিছুটা অগোছালো থাকতে পারে বলে উল্লেখ করেন তিনি। হোটেলে এমন ছোটখাটো বিষয় প্রায়ই ঘটে থাকে বলে মন্তব্য করেন এই তারকা। এছাড়া হোটেল কর্তৃপক্ষ যদি সত্যিই জরিমানা করে থাকে, তবে তা নিয়ে অতিরিক্ত জলঘোলা করার প্রয়োজন নেই বলে মনে করেন তিনি।
এর আগে জেমসের ম্যানেজার রুবাইয়াত ঠাকুর জানিয়েছিলেন, গায়ক এবং তার দলের সদস্যরা নির্ধারিত অন্য রুমে অবস্থান করছিলেন। হোটেলের পক্ষ থেকে ছাড়ার সময় কোনো অভিযোগ করা হয়নি। পরবর্তীতে সামাজিক মাধ্যমে জেমসকে জড়িয়ে এ ধরনের অপপ্রচার চালানো নিয়ে তিনি মন্তব্য করেন, কেউ মন খুলে কিছু লিখতে চাইলে তাতে বাধা দেওয়ার কিছু নেই। সামাজিক মাধ্যমে এই বিষয়টিকে বড় কোনো ইস্যু করতে নারাজ জনপ্রিয় এই গায়ক।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন