সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০৪:৩৫ পিএম
অভিনয় ক্যারিয়ারে কোনো নির্দিষ্ট গণ্ডিতে নিজেকে সীমাবদ্ধ না রেখে একের পর এক ভিন্নধর্মী চরিত্রে দর্শকদের সামনে হাজির হচ্ছেন অভিনেত্রী দীপা খন্দকার। সম্প্রতি একটি ডিজিটাল মাধ্যমে মহিন খান পরিচালিত মিনি সিরিজ ‘কর্মফল’ মুক্তির পর তার অভিনয় প্রশংসিত হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার ছোটপর্দার দর্শকদের জন্য নতুন দুটি দীর্ঘ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে যুক্ত হয়েছেন এই অভিনেত্রী।
ভিন্ন স্বাদের দুই চরিত্রে দেখা যাবে তাকে। এর মধ্যে দীপ্ত টিভিতে প্রচারের অপেক্ষায় থাকা হাসান রেজাউল পরিচালিত ‘বকুলপুর সিজন ৩’ ধারাবাহিকে অন্যতম প্রধান মুখ হিসেবে থাকছেন তিনি। আহমেদ শাহাবুদ্দিনের রচনায় এই নাটকে ‘মেহেরজান’ নামের এক প্রভাবশালী গ্রামীণ রাজনীতিকের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এমন রাজনৈতিক ঘরানার কোনো চরিত্রে এবারই প্রথম পর্দায় আসছেন এই শিল্পী। এর আগে রেজাউলের নির্দেশনায় একক নাটকে অভিনয় করার অভিজ্ঞতা থাকলেও দীর্ঘ ধারাবাহিকে এবারই প্রথম তার সঙ্গে কাজ করছেন তিনি।
একই সময়ে জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন দীপা। পারিবারিক ও সামাজিক প্রেক্ষাপটের এই নাটকে তার সঙ্গে সহশিল্পী হিসেবে কাজ করছেন শক্তিমান অভিনেতা জাহিদ হাসান। এর আগে একই পরিচালকের ‘এটা আমাদেরই গল্প’ নাটকে ফাতেমা ফুফু চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন তিনি, তবে এবারের গল্পে তাকে সম্পূর্ণ বিপরীত এক ব্যক্তিত্বে আবিষ্কার করবেন দর্শক।
নতুন দুটি কাজ প্রসঙ্গে দীপা খন্দকার জানান, নির্মাতা হাসান রেজাউল প্রতিটি দৃশ্য নিখুঁতভাবে ধারণ করেন এবং মেহেরজান চরিত্রটির গভীরতা তাকে দারুণভাবে টেনেছে। পাশাপাশি মোস্তফা কামাল রাজের নতুন নাটকটিতেও দর্শক এক অন্য দীপা খন্দকারকে দেখতে পাবেন বলে তিনি বিশ্বাস করেন। দুটি ধারাবাহিকের সম্প্রচার শুরু হলে তা দর্শকপ্রিয়তা পাবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন এই অভিনেত্রী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন