রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

টালিপাড়ায় বিগ ফাইট: রহস্যময় পোস্টে জিত যা বললেন,

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩, ২০২৫, ১১:৩০ এএম

টালিপাড়ায় বিগ ফাইট: রহস্যময় পোস্টে জিত যা বললেন,

ছবি - সংগৃহীত

দুর্গাপূজার মরসুমে কলকাতার চলচ্চিত্র অঙ্গন যেন সিনেমা-পর্দার বাইরেও এক নতুন প্রতিযোগিতার ক্ষেত্র। একাধিক বিগ বাজেটের ছবি মুক্তি পাওয়ার পর হল দখল, ছবির সাফল্য-ব্যর্থতা নিয়ে দর্শক-সমালোচকদের মধ্যে চলছে তুমুল বাকযুদ্ধ। টালিউড সুপারস্টার জিৎ, যিনি সচরাচর বিতর্ক এড়িয়ে চলেন, তিনিও এই উত্তাল পরিস্থিতির মধ্যেই এক রহস্যময় বার্তা দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন।

জানা যায়, টালিপাড়ায় ছবিমুক্তির ডামাডোল যখন তুঙ্গে, ঠিক তখনই অভিনেতা জিৎ তাঁর ‘এক্স’ হ্যান্ডেলে একটি সংক্ষিপ্ত পোস্ট দেন। তিনি লেখেন, “আমাদের উচিত আমাদের পেশার সম্মান এবং চলচ্চিত্র শিল্পের মর্যাদার প্রতি সচেতন এবং সতর্ক থাকা।” মাত্র দুটি লাইনের এই বার্তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং শুরু হয় তীব্র জল্পনা।

নেটিজেনদের অনেকে মনে করছেন, বাংলা ছবির এই লাগামহীন রেষারেষি থামাতে জিৎ ইন্ডাস্ট্রির প্রতি এক প্রকার ‘সতর্কবার্তা’ দিয়েছেন। তবে এর উল্টো চিত্রও দেখা গেছে মন্তব্য বাক্সে। নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছে, যে অভিনেতা কোনো বিতর্কে জড়ান না, তিনি হঠাৎ কেন এমন পোস্ট করলেন?

জিতের এই পোস্টের কমেন্ট বক্সে সমালোচকের ভিড় জমেছে। কেউ সরাসরি মন্তব্য করেছেন, “এতদিন কোথায় ছিল আপনার এই পোস্ট? এখন যখন দেখছেন বন্ধু একেবারে কোণঠাসা, কেউ পাত্তা দিচ্ছে না, তখন এই পোস্ট করলেন।” আবার কেউ অভিনেতা দেবের সমর্থনে মুখ না খোলায় জিতের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন।

যদিও বরাবরের মতোই জিৎ এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এখনো নিশ্চুপ। তিনি কেন এই পোস্ট করলেন বা নির্দিষ্ট করে কার পক্ষে-বিপক্ষে কথা বলছেন, সে বিষয়ে তিনি একটি বাক্যও খরচ করেননি। ফলে নেটপাড়ায় কেউ ভাবছেন তিনি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়াচ্ছেন, আবার কারও ধারণা দেবের সমর্থনে মুখ খুলেছেন তিনি। জিতের এই নীরবতা সামগ্রিক বিতর্ককে আরও উসকে দিয়েছে।