রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

‘পিঞ্জরা’ খ্যাত বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা শান্তারাম আর নেই

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৫, ২০২৫, ০২:১৮ পিএম

‘পিঞ্জরা’ খ্যাত বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা শান্তারাম আর নেই

ছবি - সংগৃহীত

বলিউডের সোনালি দিনের প্রখ্যাত অভিনেত্রী সন্ধ্যা শান্তারাম আর নেই। শনিবার, ৪ অক্টোবর, মুম্বাইয়ের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মৃত্যুকালে এই বর্ষীয়ান অভিনেত্রীর বয়স হয়েছিল ৯৪ বছর।

সন্ধ্যা শান্তারামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অশীষ শেলার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, “‘পিঞ্জরা’ খ্যাত অভিনেত্রী সন্ধ্যা শান্তারামের মৃত্যু অত্যন্ত দুঃখের। হিন্দি ও মারাঠি সিনেমায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ঈশ্বর তার আত্মাকে শান্তি দিন।”

নির্মাতা ভি. শান্তারামের স্ত্রী সন্ধ্যার প্রকৃত নাম ছিল বিজয়া দেশাই। ১৯৫১ সালে স্বামী ভি. শান্তারামের ‘অমর ভূপালি’ সিনেমার মাধ্যমে তিনি রুপালি পর্দায় পা রাখেন। ছবিটির জন্য শান্তারাম যখন নতুন মুখ খুঁজছিলেন, তখন সন্ধ্যার কণ্ঠস্বর ও ব্যক্তিত্ব দেখে তাকেই কেন্দ্রীয় চরিত্রের জন্য বেছে নেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক চলচ্চিত্রে নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন তিনি।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মুম্বাইয়ের শিবাজি পার্কের বৈকুণ্ঠ ধামে সন্ধ্যা শান্তারামের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এ সময় পরিবারের সদস্য, ঘনিষ্ঠজন এবং অনুরাগীরা উপস্থিত থেকে প্রিয় তারকাকে শেষ শ্রদ্ধা জানান।