রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিয়ের পর জানতে পারি স্বামীর আরেক স্ত্রী আছে

বিনোদন ডেস্ক

অক্টোবর ৫, ২০২৫, ১১:৫৪ পিএম

বিয়ের পর জানতে পারি স্বামীর আরেক স্ত্রী আছে

ছবি - সংগৃহীত

ছোটপর্দার পরিচিত মুখ মিহি আহসান। টেলিভিশন নাটকে সাবলীল অভিনয়ের মাধ্যমে যিনি জয় করেছেন দর্শকের মন। তবে পর্দার হাসিখুশি এই অভিনেত্রীর বাস্তব জীবন বেশ কঠিন ও তিক্ত অভিজ্ঞতায় পূর্ণ। সম্প্রতি ‘তারাবেলা’ নামে একটি অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি তার জীবনের না বলা কঠিন সময়ের কথা তুলে ধরেছেন।

২০১৭ সালে অভিনয় জগতে পা রাখা মিহি আহসান জানান, বিয়ের কিছুদিন পর তিনি জানতে পারেন যে তার স্বামী আগে থেকেই বিবাহিত। সেই কঠিন মুহূর্তের কথা স্মরণ করে তিনি বলেন, “বিয়ের পর যখন জানতে পারি, আমার সাবেক স্বামী এরই মধ্যে আরেকজনকে বিয়ে করেছে, তখন মনে হয়েছিল পৃথিবীটা যেন থেমে গেছে। আমি তখন কাউকে কিছু না বলে চুপচাপ সরে যাই।”

অভিনেত্রী জানান, ওই সময়ে তিনি নিজেকে সামলে নিতে কাজ থেকে বিরতি নিয়েছিলেন। তিনি বলেন, “কোনো নাটক করিনি, কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট করিনি। মানুষ বুঝতে পারে না, সেই সময় ভেতরে কতটা কষ্টে ভেঙে পড়েছিলাম। কিন্তু আমি জানতাম, নিজের জীবনের নিয়ন্ত্রণ আমার হাতেই রাখতে হবে।”

মাত্র ১৮ টাকা কাবিনে বিয়ে করার প্রসঙ্গে মিহি বলেন, “হ্যাঁ, এটা সত্যি। আমার বিয়ের কাবিন ছিল মাত্র ১৮ টাকা। তখন বয়স কম ছিল, কিছুই বুঝিনি। এখন মনে হয়, এটাও ছিল এক ধরনের অসম্মান। ভালোবাসা থাকলে কাবিনের মূল্য টাকা দিয়ে নয়, বিশ্বাস দিয়ে হয়।”

নিজের আবেগঘন দিকটি নিয়ে তিনি আরও বলেন, “মানুষ দেখে মনে করে আমি খুব শক্ত, কিন্তু বাস্তবে আমি ভীষণ নরম। কষ্ট পেলেই কেঁদে ফেলি, কিন্তু চাই না কেউ আমার দুর্বল দিকটা দেখুক। তাই সবসময় হাসি দিয়ে ভেতরের ব্যথা লুকানোর চেষ্টা করি। হয়তো এ কারণেই মানুষ আমাকে ‘সাইলেন্ট স্ট্রং’ বা নীরবে শক্তিশালী বলে।