রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পরিবার দেখিয়ে টাকা আয় করতে চাইনি’, কেন এমন লিখলেন রিপন মিয়া?

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৩, ২০২৫, ০৫:১১ পিএম

পরিবার দেখিয়ে টাকা আয় করতে চাইনি’, কেন এমন লিখলেন রিপন মিয়া?

ছবি - সংগৃহীত

সাধারণ কাঠমিস্ত্রি থেকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দেশব্যাপী পরিচিতি পাওয়া রিপন মিয়া সাংবাদিক পরিচয়ে তার পরিবারকে হেনস্তা করার গুরুতর অভিযোগ তুলেছেন। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে তিনি জানান, কয়েকজন ব্যক্তি তার গ্রামের বাড়িতে গিয়ে অনুমতি ছাড়াই তার পরিবারের নারী সদস্যদের ভিডিও ধারণ করেছেন।

নেত্রকোনার এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তার পোস্টে লিখেছেন, “আজ ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক আমার বাড়িতে এসেছিলেন। তারা কারও অনুমতি না নিয়ে আমার পরিবারকে ভিডিও করতে থাকেন এবং দূরে ক্যামেরা রেখে উল্টাপাল্টা প্রশ্ন করেন। এমনকি পরিবারের নারী সদস্য ঘরে থাকা সত্ত্বেও তাঁরা অনুমতি না নিয়ে ঘরে ঢুকে যান।”

ক্ষোভ প্রকাশ করে রিপন মিয়া আরও লেখেন, “আমি সব সময় বলে এসেছি যে আমার শিক্ষা নেই, পড়াশোনা করতে পারিনি। স্বাভাবিকভাবে আমার পরিবারের কোনো সদস্যই শিক্ষিত নন এবং কখনোই তারা মিডিয়ার মুখোমুখি হননি। আমি কোনো সময় আমার পরিবারকে ফেসবুকে দেখিয়ে টাকা আয় করতে চাইনি।”তিনি পোস্টে উল্লেখ করেন, তিনি চাইলেই টিভি চ্যানেলটির নাম প্রকাশ করতে পারতেন, কিন্তু কাউকে ছোট করা তার উদ্দেশ্য নয়।

তিনি অভিযুক্তদের উদ্দেশে লেখেন, “এই ঘৃণ্য কাজ যাঁরা করেছেন, তারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন। এভাবে টাকা আয় করে নিজের পরিবার ও সন্তানদের খাওয়াতে যদি আপনাদের বিবেক না জাগে, তাহলে আমারও আর কিছুই বলার নেই।”রিপন মিয়ার এই পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং তার ভক্ত-অনুরাগীরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে শুরু করেন।