অক্টোবর ১৩, ২০২৫, ০৮:৪৫ পিএম
ছোটপর্দা থেকে শুরু করে ওটিটি প্ল্যাটফর্ম এবং বড়পর্দা—সবখানেই নিজের অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন তাসনিয়া ফারিণ। এবার অভিনেত্রী হিসেবে সফলতার পর প্রযোজক হিসেবে নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি তার প্রযোজনা প্রতিষ্ঠান চালুর ঘোষণা দিয়েছেন।ফেসবুক পোস্টে ফারিণ তার ভক্ত-অনুরাগীদের কাছে তার নতুন প্রযোজনা প্রতিষ্ঠানের জন্য নাম আহ্বান করেছেন, যা নিয়ে তার ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।
এই নতুন যাত্রা সম্পর্কে তাসনিয়া ফারিণ বলেন, “আমি নিজের মতো করে কিছু কাজ করতে চাই। সেই ভাবনা থেকেই প্রযোজনায় আসা।”তিনি জানান, তার প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম নিবেদন হবে একটি মিউজিক ভিডিও, যেখানে কণ্ঠ দিয়েছেন তিনি নিজেই। গানটিতে তার সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। ইতোমধ্যে গানটির শুটিং সম্পন্ন হয়েছে এবং বছরের শেষ নাগাদ এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এর আগে, জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে ‘রঙে রঙে রঙিন হব’ শিরোনামের একটি গান গেয়ে গায়িকা হিসেবেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন ফারিণ। সেই সাফল্যের ধারাবাহিকতাতেই এবার নিজের প্রযোজনা থেকে গান নিয়ে আসছেন তিনি।আপাতত মিউজিক ভিডিও দিয়ে যাত্রা শুরু করলেও, ভবিষ্যতে তার প্রযোজনা সংস্থা থেকে নাটক বা সিনেমা নির্মাণেরও পরিকল্পনা রয়েছে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন