সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ইয়াশ-তটিনীকে নিয়ে শিহাব শাহীনের ‘তোমার জন্য মন’

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৩, ২০২৫, ০৫:১৪ পিএম

ইয়াশ-তটিনীকে নিয়ে শিহাব শাহীনের ‘তোমার জন্য মন’

ড্রামা, থ্রিলার কিংবা রোমান্টিক—প্রায় সব ঘরানার গল্পেই নির্মাতা হিসেবে দাপুটে পদচারণা শিহাব শাহীনের। প্রেক্ষাগৃহের সিনেমার পর তিনি আবারও ফিরছেন ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত নতুন সিনেমা নিয়ে। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে তিনি নিয়ে আসছেন ‘তোমার জন্য মন’ নামের একটি প্রেমের গল্প।আগামী বুধবার (৫ নভেম্বর) রাত ১২টায় (মূলত মঙ্গলবার দিবাগত রাতে) ফিল্মটি চরকিতে মুক্তি পাবে। এরিমধ্যে চরকির ফেসবুক পেজে সিনেমাটির মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে এবং প্রকাশ পেয়েছে এর আকর্ষণীয় ট্রেলার ও মোশন পোস্টার।

এই সিনেমায় অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় ও আলোচিত জুটি ইয়াশ রোহান ও সামিরা খান মাহি (তটিনী)। নির্মাতা শিহাব শাহীন জানান, তিনি এমন একটি জুটি খুঁজছিলেন যাদের মধ্যে কাজের ভেতরে ও বাইরে এক ধরনের চমৎকার বোঝাপড়া আছে। সেই দিক বিবেচনা করেই তিনি ইয়াশ ও তটিনীকে নির্বাচন করেছেন। ‘তোমার জন্য মন’ মূলত মফস্বলে বেড়ে ওঠা দুই তরুণ-তরুণীর সম্পর্কের এক 'ফিল গুড' রোমান্টিক গল্প।

শিহাব শাহীন বলেন, ‘এর আগে চরকির সাথে কেমন গল্প করা যায় তা নিয়ে আলোচনা হলেও, এবার আমি নিজেই গল্পটি ঠিক করে বলেছি যে এই গল্পটিই আমি বানাতে চাই।’

সিনেমায় ‘পিউ’ চরিত্রে অভিনয় করেছেন তটিনী। তিনি জানান, গল্পটি শোনার পরই তিনি মুগ্ধ হয়েছিলেন। তটিনী বলেন, ‘গল্পটা অর্ধেকের মতো শোনার পর আমি যেমনটা ধারণা করছিলাম, গল্পটা সেভাবে না গিয়ে এমন একটা মোড় নিলো যেটা ছিল অপ্রত্যাশিত। এটাই আমাকে কাজটি করার জন্য সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। শিহাব ভাইয়ের পরিচালনায় এটা আমার দ্বিতীয় কাজ, তার সঙ্গে কাজ করাটাও একটা শিক্ষার মতো।’

অন্যদিকে, এলাকার প্রভাবশালী পরিবারের ছেলে ‘রওনক’ চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। ইয়াশ জানান, প্রথমে তার ডেট নিয়ে সমস্যা থাকলেও স্ক্রিপ্ট পড়ার পর তিনি কাজটি করার জন্য মরিয়া হয়ে ওঠেন। তিনি বলেন, ‘স্ক্রিপ্ট পড়ার পর আমার মনে হলো কাজটা করা দরকার। অন্য যে কাজগুলো ছিল, তাদের সঙ্গে কথা বলে, ম্যানেজ করে ডেটস বের করে শিহাব শাহীন ভাইয়ের কাজটা করলাম।’

‘তোমার জন্য মন’ সিনেমায় ইয়াশ-তটিনী ছাড়াও আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, সাবিহা জামান এবং অতিথি চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা সালাহউদ্দিন লাভলুকে। সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শিহাব শাহীন নিজেই। এতে গান করেছেন জনপ্রিয় শিল্পী ইমন চৌধুরী এবং আবহসংগীত করেছেন খৈয়াম সানু সন্ধি।