জুন ৯, ২০২৬, ০৬:৫৯ পিএম
হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত করোনারি স্টেন্ট বা হার্টের রিংয়ের পুনঃনির্ধারিত মূল্য তালিকা কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর (ডিজিডিএ)। মঙ্গলবার (৯ জুন) অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে দেশের সকল হাসপাতালকে এই নির্দেশনা পাঠানো হয়।
নতুন মূল্যতালিকা বাস্তবায়নে হাসপাতালগুলোর জন্য চারটি জরুরি নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ: ১. হার্টের রিংয়ের নতুন নির্ধারিত মূল্যতালিকা প্রতিটি হাসপাতালের নোটিশ বোর্ডে জনসমক্ষে প্রদর্শন করতে হবে।
২. স্টেন্টের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) যথাযথভাবে অনুসরণ করতে হবে। ৩. রিংয়ের মূল্য কোনোভাবেই হাসপাতালের চিকিৎসা প্যাকেজের সঙ্গে অন্তর্ভুক্ত করা যাবে না। ৪. নির্ধারিত মূল্যের বেশি অর্থ আদায় করা থেকে বিরত থাকতে হবে।বিশেষজ্ঞ পরামর্শক কমিটির সুপারিশ ও আমদানিকারকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন তালিকায় বিভিন্ন মডেলের স্টেন্টের দাম ১ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৪৭ হাজার ৮০০ টাকা পর্যন্ত কমানো হয়েছে। উদাহরণস্বরূপ, সিলিন কাভার্ড স্টেন্টের দাম ১ লাখ ৯ হাজার ৮০০ টাকা থেকে কমিয়ে ৬২ হাজার টাকা এবং ম্যাগমা র্যাপামাইসিন রিংয়ের দাম ৩৭ হাজার থেকে কমিয়ে ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্যসেবা বিভাগের এই পদক্ষেপের ফলে হৃদরোগীদের চিকিৎসা ব্যয় অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে। ঔষধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে, নির্দেশনা অমান্য করলে বা নির্ধারিত মূল্যের বেশি অর্থ আদায় করলে সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রোগীদের স্বার্থ রক্ষায় এই স্বচ্ছতা নিশ্চিত করা এখন সময়ের দাবি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন