বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

হোয়াটসঅ্যাপে আসছে মেসেজ শিডিউল করার নতুন সুবিধা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৫:৩১ পিএম

হোয়াটসঅ্যাপে আসছে মেসেজ শিডিউল করার নতুন সুবিধা

নতুন ফিচার হোয়াটসঅ্যাপে

ব্যবহারকারীদের যোগাযোগের অভিজ্ঞতা আরও উন্নত করতে দীর্ঘ ১৭ বছরের পথচলায় প্রথমবারের মতো ‘মেসেজ শিডিউল’ ফিচার চালু করতে যাচ্ছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। নতুন এই সুবিধার মাধ্যমে এখন থেকে ব্যবহারকারীরা আগেভাগেই কোনো বার্তা লিখে নির্দিষ্ট দিন ও সময় সেট করে রাখতে পারবেন।

 নির্ধারিত সময় অনুযায়ী বার্তাটি স্বয়ংক্রিয়ভাবে প্রাপকের কাছে পৌঁছে যাবে। ব্যক্তিগত শুভেচ্ছা জানানো থেকে শুরু করে অফিসের জরুরি নির্দেশনা পাঠানোর ক্ষেত্রে এই ফিচারটি বিশেষ সহায়ক হবে বলে প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন।

অনেকেই ব্যস্ততার কারণে বন্ধু বা স্বজনদের বিশেষ দিনগুলোতে শুভেচ্ছা জানাতে ভুলে যান। আবার অনেক সময় গভীর রাতে কাউকে মেসেজ পাঠানোর প্রয়োজন হলেও প্রাপকের ঘুমের ব্যাঘাত ঘটবে ভেবে পাঠানো হয় না। হোয়াটসঅ্যাপের এই নতুন অপশনটি চালু হলে ব্যবহারকারী অনলাইন না থাকলেও তার সেট করে রাখা বার্তাটি সঠিক সময়ে গন্তব্যে চলে যাবে। 

এর আগে এই ধরনের অসুবিধার কারণে ব্যবহারকারীদের ফোনের অ্যালার্ম বা ক্যালেন্ডারে নোট রাখতে হতো। নতুন এই প্রযুক্তিগত পরিবর্তনের ফলে যোগাযোগের ক্ষেত্রে ব্যবহারকারীরা বাড়তি স্বাধীনতা ও স্বাচ্ছন্দ্য পাবেন।কারিগরি দিক থেকে এই ফিচারটি ব্যবহার করা বেশ সহজ হবে বলে জানা গেছে। অ্যাপের ভেতরে চ্যাট ইনফো নামে একটি নতুন অপশন যুক্ত থাকবে যেখানে শিডিউল করে রাখা মেসেজগুলো একত্রে দেখে নেওয়া যাবে।

 

এমনকি মেসেজটি পাঠানোর আগে যেকোনো সময় ব্যবহারকারী চাইলে তার লেখা পরিবর্তন করতে পারবেন কিংবা প্রয়োজনে সম্পূর্ণ মুছে ফেলতে পারবেন। বর্তমানে হোয়াটসঅ্যাপের আইওএস বেটা সংস্করণে এই ফিচারের পরীক্ষানিরীক্ষা চলছে। আইওএস ব্যবহারকারীদের জন্য সফলভাবে পরীক্ষা শেষ হলে খুব দ্রুতই এটি অ্যান্ড্রয়েড সংস্করণেও চলে আসবে। হোয়াটসঅ্যাপের এই নতুন সংযোজন দৈনন্দিন ডিজিটাল যোগাযোগকে আরও নির্ভুল ও সুশৃঙ্খল করবে।