জুলাই ২৫, ২০২৬, ০৩:৩৭ পিএম
স্মার্টফোনের ফেইস আনলক বা পাসকি ভেরিফিকেশনের পাশাপাশি এবার গুগল অ্যাকাউন্টে প্রবেশের ক্ষেত্রে সেলফি ভিডিও ব্যবহারের নতুন সুবিধা যোগ করতে যাচ্ছে সার্চ জায়ান্ট গুগল।ব্যবহারকারীর ফোন বা কম্পিউটার হাতের কাছে না থাকলে এই ফিচারটি অত্যন্ত কার্যকর হবে।প্রযুক্তিবিষয়ক বিভিন্ন মাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, বায়োমেট্রিক নিরাপত্তার ক্ষেত্রে এই ফেইস ভেরিফিকেশন পদ্ধতিটি একটি নতুন বিকল্প হিসেবে যুক্ত হচ্ছে।
বিশেষ করে নিজস্ব ডিভাইস নাগালের বাইরে থাকলে কিংবা অন্য কোনো বিকল্প পথ খোলা না থাকলে এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই নিজেদের গুগল অ্যাকাউন্টে লগইন করতে পারবেন। ফিচারটি ব্যবহার করার জন্য প্রথমে অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে এটি সেটআপ করে নিতে হবে। গুগল অ্যাকাউন্ট সেটিংসে প্রবেশ করে সিকিউরিটি অপশন থেকে সেলফি ভিডিও বিকল্পটি বেছে নিতে হবে এবং নির্দেশনা অনুযায়ী ভিডিও যুক্ত করতে হবে।
ডিভাইসে ক্যামেরা না থাকলে কম্পিউটারের পর্দায় কিউআর কোড ভেসে উঠবে, যা স্মার্টফোনের মাধ্যমে স্ক্যান করে প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে। ভিডিও ধারণের সময় মুখ স্পষ্ট রাখতে চশমা বা মাস্ক খুলে ফেলার এবং পেছনের পরিবেশ অগোছালো না রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ডিপফেইক ভিডিও বা ডিজিটাল জালিয়াতি ঠেকাতে লগইনের সময় মাথা ডানে-বাঁমে বা বিভিন্ন দিকে ঘোরানোর নির্দেশনা দেবে গুগল।
এর মাধ্যমে ক্যামেরার সামনে রেকর্ড করা ভিডিও নয়, বরং জীবন্ত মানুষের উপস্থিতি নিশ্চিত করা হবে। সংগৃহীত এই ভিডিও সম্পূর্ণ এনক্রিপ্টেড অবস্থায় সংরক্ষণ করা হবে এবং ব্যবহারকারী চাইলে যেকোনো সময় তা ডিলিট করতে পারবেন।প্রাথমিক পর্যায়ে ওয়ার্কস্পেস অ্যাকাউন্ট, অপ্রাপ্তবয়স্কদের অ্যাকাউন্ট এবং অ্যাডভান্সড প্রোটেকশন প্রোগ্রামে যুক্ত থাকা অ্যাকাউন্টগুলোতে এই সুবিধা পাওয়া যাবে না।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন